IPL 2021 : নিজের প্রধান প্রতিপক্ষের নাম জানালেন মহম্মদ শামি, পারফরম্যান্স নিয়ে আশাবাদী
আইপিএল ২০২১ : জৈব সুরক্ষা বলয়ের চ্যালেঞ্জগুলি নিয়ে মুখ খুললেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি।
টি২০ বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরশাহীতে চলতে থাকা চলতি মরসুমের আইপিএলের দ্বিতীয় পর্বে পাঞ্জাব কিংসের জার্সিতে বেশ ভালোই পারফর্ম করছেন মহম্মদ শামি। যদিও কাজটা যে মোটেই সহজ নয়, তা জানাতেও ভোলেননি ভারতীয় ফাস্ট বোলার। করোনা ভাইরাসের আবহে আইসিসির জারি করা বিধি ক্রিকেটারদের মনের ওপর কতটা প্রভাব ফেলছে তা কিছুটা হলেও ব্যাখ্যা করেন অভিজ্ঞ ক্রিকেটার। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্রিকেটারদের প্রধান প্রতিপক্ষ কে, তাও জানিয়েছেন শামি।

কী বললেন মহম্মদ শামি
বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান নয়, বরং করোনা ভাইরাসের আবহে জারি থাকা বিধিকেই নিজের প্রধান প্রতিপক্ষ বলে আখ্যা দিয়েছেন মহম্মদ শামি। ক্রিকেট খেলার জন্য এক দেশ থেকে অন্য দেশের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ বলেছেন ভারতীয় ফাস্ট বোলার। সফরের দৈর্ঘ্য বড় হলে ক্রিকেটারদের নিজ নিজ স্বজনদের থেকে দূরে থাকতে হয়। খেলোয়াড়দের মনে এর প্রভাব পড়ে বলে মনে করেন মহম্মদ শামি। তাঁর কথায়, কখনও কখনও ক্রিকেটারদের পক্ষে নিজেকে ঠিক রাখা সম্ভব হয় না। নিঃসঙ্গতা ও পারফরম্যান্সের চাপের মধ্যে পড়ে তাঁদের হাঁসফাঁসকর অবস্থা হয় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়া তথা পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার। আর এ কারণেই ক্রিকেটারদের প্রবল মানসিক শক্তি সঞ্চয় করতে হয় বলে জানিয়েছেন শামি।

ছন্দে আছেন শামি
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে গিয়ে হাতে চোট পেয়ে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি। চলতি বছরের এপ্রিলে আইপিএলের প্রথম পর্বের হাত ধরে ফের বাইশ গজে প্রত্যাবর্তন ঘটে ভারতীয় ফাস্ট বোলারের। ইংল্যান্ড সফরে গিয়ে দুর্দান্ত বোলিং করা শামি হোম টিমের বিরুদ্ধে চতুর্থ তথা ওভাল টেস্টে খেলতে পারেননি। সেসব ইতিহাসকে পিছনে ফেলে এখন সামনের দিকে তাকাতে বদ্ধপরিকর বাংলার ফাস্ট বোলার। আইপিএলের দ্বিতীয় পর্বে দুর্দান্ত ছন্দে থাকা শামির কথায়, তিনি এখন পুরোপুরি ফিট এবং মাঠে একশো শতাংশ দিতে তৈরি। তবে চোট থেকে বেঁচে থাকতে সাবধানে জীবন অতিবাহিত করার পক্ষপাতি ভারতীয় ক্রিকেটার। জানিয়েছেন, মাঠের বাইরে তিনি অধিকাংশ সময় বিশ্রাম করেই সময় অতিবাহিত করেন। মাঠে নেমে ১০০ শতাংশ দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন শামি।

চলতি আইপিএলে শামি
আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। দুই ম্যাচ থেকে ৫ উইকেট নিত সক্ষম হয়েছেন মহম্মদ শামি। সবমিলিয়ে চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন বাংলা তথা ভারতের ফাস্ট বোলার। এই পারফরম্যান্স টুর্নামেন্টের বাকি অংশ ও আসন্ন টি২০ বিশ্বকাপে বজায় রাখতে বদ্ধপরিকর শামি। সেই মতো তিনি নিজেকে মানসিকভাবে তৈরি করছেন বলেও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম আশা।

শামির আন্তর্জাতিক কেরিয়ার
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫৪টি টেস্ট, ৭৯টি ওয়ান ডে ও ১২টি টি২০ ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। তিন ফর্ম্যাটে যথাক্রমে তিনি ১৯৫, ১৪৮ ও ১২টি উইকেট নিয়েছেন। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শামির হ্যাটট্রিক ভোলেনি বিশ্ব। তেমনই পারফরম্যান্স আসন্ন টি২০ বিশ্বকাপেও দেখতে চান দেশের ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications