চেতন সাকারিয়া হাসপাতালে, আইপিএল না হলে কঠিন সমস্যায় পড়তেন রাজস্থানের পেসার
আইপিএলে আবির্ভাবেই যেসব ক্রিকেটার এবার চমক দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম চেতন সাকারিয়া। সৌরাষ্ট্রের এই পেসার অনেক প্রতিবন্ধকতাকে জয় করে এবার জায়গা করে নিয়েছিলেন রাজস্থান রয়্যালস। সৈয়স মুস্তাক আলি টি ২০-তে নজরকাড়া সাকারিয়াকে ১.২ কোটিতে নেয় রাজস্থান রয়্যালস। সাত ম্যাচে সাত উইকেট নিয়ে দলকে ভরসা দেন ২৩ বছরের এই বাঁহাতি পেসার। আইপিএলের আসর থেকে ফিরেই যাঁকে এখন কাটাতে হচ্ছে হাসপাতালে।

সাকারিয়ার বাবা চিকিৎসাধীন
চেতন সাকারিয়ার পিতা করোনা পজিটিভ। তাঁর চিকিৎসা চলছে গুজরাটের ভাবনগরের হাসপাতালে। চেতন সাকারিয়া তাই দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই থাকছেন। তিনি জানিয়েছেন, আইপিএল খেলে যা টাকা পেয়েছি তাতেই বাবার ভালো চিকিৎসার বন্দোবস্ত করতে পেরেছি। সাকারিয়ার কথায়, রাজস্থান রয়্যালসের কাছ থেকে আমার প্রাপ্য অর্থের কিছুটা কয়েক দিন আগেই পাই। এরই মধ্যে খবর পাই বাবা করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে সেই টাকা সরাসরি অ্যাকাউন্ট ট্রান্সফার করে বাড়িতে পাঠাই, এই কঠিন সময়ে যেটা দরকার ছিল।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

আইপিএলের অর্থেই চিকিৎসা
সাকারিয়া বলেন, অনেকে বলছিলেন আইপিএল বন্ধ করা হোক। কিন্তু আমি জানি আইপিএল আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কেন না, আমার পরিবারে আমিই একমাত্র রোজগেরে। ক্রিকেটের থেকে যা আয় করি তাতেই আমার সংসার চলে। ফলে আইপিএল যদি না হতো আমি জানি আমি কতটা কঠিন পরিস্থিতির মুখে পড়তাম। আইপিএল মাসখানেক ধরে হওয়ার ফলে যে টাকা পেয়েছি তাতে বাবার ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি। আমি দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছি। টেম্পো চালিয়ে বাবা সংসার চালাতেন। আমি আইপিএলে সুযোগ পাওয়াতেই আমাদের সংসার আর্থিক স্বাচ্ছল্যের মুখ দেখতে চলেছে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

আইপিএল দরকার যে কারণে
সাকারিয়া এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে আরও বলেন, আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে আমিই একমাত্র যে এতটা রোজগার করতে পারছি। আমার মা এটাও জানেন না, এক কোটি টাকায় কটা শূন্য থাকে। বাবাকে আপাতত সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। তারপর বাড়িটা ভালো করে বানাব। তাই আমাদের মতো ক্রিকেটারদের জন্য আইপিএল হওয়া উচিত।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

সেরা প্রাপ্তি ধোনির উইকেট
আইপিএল খেলতে আসার আগে ১৬টি টি ২০ খেলে ২৮টি উইকেট ছিল সাকারিয়ার। আইপিএলে অভিষেকের পর তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ রানে তিন উইকেট নেন। আউট করেন লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল ও ঝাই রিচার্ডসনকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও নেন তিনটি উইকেট। এখানে তাঁর শিকার সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু ও মহেন্দ্র সিং ধোনি। মাহির উইকেটটিই তাঁর সেরা প্রাপ্তি বলে জানিয়েছেন সাকারিয়া।
(ছবি- বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications