পয়েন্ট টেবিলের সেরা ৩ দলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পাঞ্জাবের, অবিশ্বাস্য প্রত্যাবর্তন কীভাবে দেখে নিন
আইপিএল ২০২০: অবিশ্বাস্য প্রত্যাবর্তন! পয়েন্ট টেবিলের সেরা ৩ দলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পাঞ্জাবের, একনজরে পয়েন্ট টেবিল
আইপিএল ২০২০তে পাঞ্জাবের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ১৩ তম আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম ৩ দলকে পরপর ৩ ম্যাচ হারিয়ে দিল লোকেশ রাহুলের দল। যার সুবাদে ১০ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এলে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অবিশ্বাস্য কামব্যাকে রাহুলের পাঞ্জাব শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

আরসিবির বিরুদ্ধে থ্রিলার লড়াইয়ে শেষ বলে জয়
গত সপ্তাহের বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে জয় দিয়ে ১৩ তম আইপিএলে জয়ের সরণীতে প্রত্যাবর্তন পাঞ্জাবের। শারজায় আরসিবিকে ১৭১ রান বেঁধে রেখে বোলাররা মঞ্চে তৈরি করে দিয়েছিলেন। রাহল-গেইলের দুরন্ত হাফ সেঞ্চুরিতে ভর করে এরপর দল জয়ের কাছে পৌঁছেও শেষ ওভারে নাটকীয়ভাবে ছন্দ হারানোয়, ২ ওভার আগে শেষ হওয়া ম্যাচ শেষ বল পর্যন্ত গড়িয়েছিল। সেখানেই ম্যাচের শেষ বলে জয়ের জন্য ১ রানে প্রয়োজন পড়লে ছক্কা হাঁকিয়ে পুরান পাঞ্জাবকে জিতিয়ে মাঠ ছাড়েন।

মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া সুপার ওভার
এরপর মহাকাব্যিক ম্যাচ! আইপিএলের ইতিহাসে যা এই প্রথম, একই ম্যাচে জোড়া সুপার ওভার। দুবাইয়ে নির্ধারিত ওভারে মুম্বইয়ের বিরুদ্ধে ১৭৬ রান তাড়া করে শেষ বলে ম্যাচ টাই করে কিংস ইলেভেন। ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানও বুমরাহের বোলিংয়ে পাঞ্জাব ৫ রান তুলতে সক্ষম হয়। এই রান আটকাতে নেমে বল হাতে শামি ম্যাজিকে ফের ম্যাচে প্রত্যাবর্তন কিংস ইলেভেনের। সুপার ওভারে শামি ৫ রান খরচ করে ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে টেনে নিয়ে যান। শেষ পর্যন্ত গেইল-মায়াঙ্কের ব্যাটে ১২ রান তাড়া করে দ্বিতীয় সুপার ওভার জিতে আইপিএলের ইতিহাসে সবচেয়ে উত্তেজনার ম্যাচে পর্দা টেনে দেয় কিংস ইলেভেন।

জয়ের হ্যাটট্রিক, শীর্ষস্থানে থাকা দিল্লিকে হারাল কিংস ইলেভেন
এরপর দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২০তে জয়ের হ্যাটট্রিক রাহুল অ্যান্ড কোম্পানির। দিল্লিকে প্রথমে ১৬৪ রানে বেঁধে রাখাতেই সাফল্য। শিখর ধাওয়ানের মতো মারকাটারি ব্যাটসম্যান ৬১ বলে ১০৬ রান হাঁকালেও বাকিদের ব্যর্থতাতে দিল্লি এদিন ১৬৪-র বেশি তুলতে পারেনি। এই রান তাড়া করে গেইলের ২৯, পুরানের ৫৩ ও ম্যাক্সওয়েলের ৩২ রানে ভর করে ১ ওভার বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জিতল পাঞ্জাব।

পয়েন্ট টেবিলের রাহুলের দল এখন কোথায়
এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ১৩ তম আইপিএলে পাঞ্জাব ৪ টি জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে পাঞ্জাবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাজস্থান।












Click it and Unblock the Notifications