আইপিএল ২০২০ : মুখোমুখি কেকেআর-মুম্বই, গিল ও রাসেল বনাম রোহিত ও হার্দিকের লড়াই!
আইপিএল ২০২০ : মুখোমুখি কেকেআর-মুম্বই, গিল ও রাসেল বনাম রোহিত ও হার্দিকের লড়াই!
আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ২০২০-কে এটাই দীনেশ কার্তিকদের প্রথম ম্যাচ। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় ম্যাচে জয়ের তাগিদে নামতে চলেছে। ম্যাচে লড়াই তখনই হাড্ডাহাড্ডি হবে, যখন দুই দলের ক্রিকেটাররা তাঁদের সেরা পারফরম্যান্স দেবেন। সেই নিরিখে আজকের ম্যাচে কোন কোন ক্রিকেটারের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা, তা দেখে নেওয়া যাক।

শুভমান গিল বনাম রোহিত শর্মা
২১ বছরের শুভমান গিল আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন। ৩৩.২৬-এর গড়ে তাঁর ব্যাট থেকে ৪৯৯ রান এসেছে। চারটি অর্ধশতরানও রয়েছে গিলের। আইপিএল ২০২০-তে জ্বলে উঠতে পারে তাঁর ব্যাট। অন্যদিকে আইপিএলে এখনও পর্যন্ত ১৮৯টি ম্যাচ খেলে ৪৯১০ রান করেছেন রোহিত শর্মা। ৩৬ অর্ধশতরানের পাশাপাশি একটি শতরান রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের ঝুলিতে। আজকের ম্যাচে দুই ব্যাটসম্যানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

আন্দ্রে রাসেল বনাম হার্দিক পান্ডিয়া
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আজকের ম্যাচ যতটা ব্যাটসম্যানদের, ততটা অল-রাউন্ডারদেরও। ম্যাচে আন্দ্রে রাসেল ও হার্দিক পান্ডিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। আইপিএলে এখনও পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলে ১৪০০ করেছেন কেকেআরের রাসেল। ৫৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালের আইপিএলে ৫১০ রান করার পাশাপাশি ১২টি উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। অন্যদিকে আইপিএলে ৬৭টি ম্যাচ ১০৮২ রান করার পাশাপাশি ৪২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্টের গত সংস্করণে ৪০২ রান করার পাশাপাশি ১৪টি উইকেট নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অল-রাউন্ডার।

প্যাট কামিন্স বনাম ট্রেন্ট বোল্ট
সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কেনা অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন। এবার তিনি কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। আইপিএলে ৩৪টি ম্যাচ খেলে ৩৯টি উইকেট নেওয়া নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট, মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে এক উইকেট নিয়েছিলেন বোল্ট।

জসপ্রীত বুমরাহের পরীক্ষা
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও সাফল্য পাননি জসপ্রীত বুমরাহ। উল্টে প্রচুর রান দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কাজ কঠিন করে দিয়েছিলেন দেশের সেরা ফাস্ট বোলার। কেকেআরের বিরুদ্ধে তাঁর কামব্যাক কেমন হয়, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।












Click it and Unblock the Notifications