আজ আইপিএল-এ বিরাট বনাম রোহিত! মুম্বই দলে মালিঙ্গা, দেখে নিন সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে আইপিএল ২০১৯-এর ম্যাচের প্রিভিউ। এছাড়াও, জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।
বৃহস্পতিবার আইপিএল ২০১৯-এর সাত নম্বর ম্য়াচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানস। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্য়াচে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে হেরে গিয়েছে দুই দলই। কাজেই এদিনের ম্যাচে জিততে মরিয়া দুই পক্ষই।
বেঙ্গালুরুর মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড খুবই উন্নত। ইতিহাস তাদের আত্মবিশ্বাস দিতে পারে। তবে আইপিএল-এ বরাবরই তারা একটু দেরীতে জেগে ওঠে। পাশাপাশি চিপকে চেন্নাইয়ের স্পিনারদের বিরুদ্ধে ভরাডুবির পর, দ্বিতীয় ম্য়াচেই নিজেদের জাত চিনিয়ে দিতে চাইছেন আরসিবির বাঘা বাঘা ব্য়াটসম্য়ানরা।
বিরাট বনাম রোহিতের এই লড়াই-এর আগে দেখে নেওয়া যাক দুই দল কোথায় দাঁড়িয়ে আছে। কারা থাকতে পারেন এদিনের প্রথম একাদশে, দল সূত্রে কী খবর পাওয়া যাচ্ছে -

আরসিবি দলের খবর
সিএসকের বিরুদ্ধে ম্য়াচে আরসিবির পরাক্রমশালী ব্যাটিং লাইনআপে শুধুমাত্র পার্থীব প্যাটেল (২৯ বলে ৩৫)-ই দুই অঙ্কের ঘরে রান পেয়েছিলেন। ধারাবাহিকতা তিনি ধরে রাখবেন বলেই আশা করছে দল। পাশাপাশি বেঙ্গালুরুর উইকেটে বিরাট, এবিডি, হেটমায়ারদের ব্য়াট কথা বলবে বলে মনে করা হচ্ছে। হাতে মাত্র ৭০ রান নিয়েও দারুণ লড়াই ছুঁড়ে দিয়েছিলেন আরসিবি বোলাররা। চাহাল ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নেন। উমেশ যাদব আগের ম্যাচে উইকেট না পেলেও গতবারের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর উপরই ভরসা রাখা হবে। প্রথম একাদশে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর।

মুম্বই ইন্ডিয়ান্স দলের খবর
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপে পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। ডিকক ও রোহিত এদিন নিজেদের মধ্যে বড় জুটি গতে পারেন বলে মনে করা হচ্ছে। আগের ম্যাচের পর যুবরাজ সিং-ই দলের সবচেয়ে ভালো লগ্নি বলে মনে করা হচ্ছে। তবে সমস্যা রয়েছে বোলিং বিশেষ করে ডেথ ওভারে বোলিং নিয়ে। আগের ম্যাচে শেষ ৫ ওভারে ৮২ রান দিয়েছে এমআই। ম্যাক্লেনাঘান ৩ উইকেট নিলেও প্রচুর রান দেন। তাঁর বদলে এদিন দলে দেখা যেতে পারে মালিঙ্গাকে। রশিক সালামের বদলে মায়াঙ্ক মার্কান্ডে খেলবেন বলে শোনা যাচ্ছে।

দ্বৈরথের পরিসংখ্যান
মোট ম্যাচ - ২৫
আরসিবি জয়ী - ৯
মুম্বই ইন্ডিয়ানস জয়ী - ১৬
চিন্নাস্বামীর ইতিহাস - ৯ ম্য়াচের মধ্যে মাত্র ২ বার জিততে পেরেছে আরসিবি

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
আরসিবি - বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, মইন আলি, শিবম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোমি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব ও ইউজেন্দ্র চাহাল।
মুম্বই ইন্ডিয়ানস - রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, বেন কাটিং, মায়াঙ্ক মার্কান্ডে, লাসিথ মালিঙ্গা এবং জসপ্রিত বুমরা।












Click it and Unblock the Notifications