টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাল বিরাটদের সামনে অস্ট্রেলিয়া, ধোনিকে পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় দল
টি ২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হেলায় হারিয়েছে ভারত। ওপেন করতে নেমে লোকেশ রাহুল ও ঈশান কিষাণ দুরন্ত অর্ধশতরান করেছিলেন। কাল ভারতের সামনে অস্ট্রেলিয়া। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ সাজানোর আগে শেষ ম্যাচ পাচ্ছেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তবে অজিদের চিন্তায় রাখছে ডেভিড ওয়ার্নারের ফর্ম।
Light-hearted conversations be like 😊 #TeamIndia #INDvENG #T20WorldCup
— BCCI (@BCCI) October 18, 2021
📸: Getty Images pic.twitter.com/m3cFu2KPOs
এখনও অবধি যতগুলি টি ২০ বিশ্বকাপ হয়েছে সব কটিতেই ভারত অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার তিনি টি ২০ বিশ্বকাপে ভারতের ড্রেসিংরুমে থাকবেন মেন্টর হিসেবে। ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দলের পক্ষে ইতিবাচক ভূমিকাই যে নেবে সে ব্যাপারে নিশ্চিত গোটা দল। ইংল্যান্ড ম্যাচে দুরন্ত অর্ধশতরানকারী ওপেনার লোকেশ রাহুল বলেছেন, ধোনির ফের দলের সঙ্গে যোগ দেওয়া দারুণ ব্যাপার। আমরা তাঁর অধিনায়কত্বে খেলেছি। এমনকী তখনও ধোনিকে আমরা মেন্টর হিসেবেই দেখতাম। যখন ধোনি অধিনায়ক ছিলেন তখনও তাঁর ড্রেসিংরুমের উপস্থিতি আমাদের ভালো লাগত। ভালো লাগত তাঁর শান্ত স্বভাব। যেভাবে চাপের মুখেও তিনি ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলান তা শিক্ষণীয়। প্রথম দুই-তিনদিন ধোনিকে ভারতীয় দলে ফের আমাদের মধ্যে পেয়ে যেমন পরিস্থিতি উপভোগ করছি, তেমনই অনেক মজাও হচ্ছে। ক্রিকেট, ক্যাপ্টেন্সি-সহ ক্রিকেটের নানা বিষয় ধোনির কাছ থেকে শেখার জন্য মুখিয়ে রাহুল। ধোনি এখনও সকলের চেয়ে ফিট বলেও মন্তব্য করেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি রোহিত শর্মা ও বরুণ চক্রবর্তীকে। শার্দুল ঠাকুরকে দিয়ে বোলিংও করাননি বিরাট। তিনি বলেছিলেন, প্রথম ম্যাচের প্রথম একাদশ প্রায় ঠিকই রয়েছে। প্রস্তুতি ম্যাচে সকলকেই ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিয়ে দেখে নেওয়া হতে পারে। ঈশান কিষাণ ওপেন করতে নেমে সর্বাধিক ৭০ রান করেছেন। সূর্যকুমার যাদব রান পাননি। ফলে ঈশান না সূর্য কে পাকিস্তান ম্যাচে খেলবেন সেটা দেখার বিষয়। জসপ্রীত বুমরাহ প্রথম একাদশে থাকবেনই। মহম্মদ শামি ইংল্যান্ড ম্যাচে দারুণ বোলিং করে চাপ বাড়িয়েছেন ভুবনেশ্বর কুমারের উপর। ইংল্যান্ড ম্যাচে ভুবি চার ওভারে ৫৪ রান দিয়েছেন। অজিত আগরকার বলেছেন, যদি হার্দিক পাণ্ডিয়া বোলিং না করেন তাহলে তৃতীয় সিমার হিসেবে খেলানো হোক শার্দুল ঠাকুরকে। তিন পেসার ও তিন স্পিনার হিসেবে আগরকারের পছন্দ জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী ও রাহুল চাহার। তবে ক্রিকেট মহলের ধারণা, অভিজ্ঞতার নিরিখে চাহারের পরিবর্তে অশ্বিনে আস্থা রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট।

তবে হার্দিক পাণ্ডিয়ার বোলিং করতে না পারা ভারতের পারফরম্যান্সে খুব একটা প্রভাব ফেলবে না বলেই দাবি তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের। তাঁর কথায়, হার্দিক দুই ওভারও বল করতে পারলে সেটাও অধিনায়কের বোলিং অপশন সাজানোর জন্য কার্যকরী হবে। একজন অলরাউন্ডার ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন। যদি অলরাউন্ডার ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারেন তাহলে অধিনায়কের পরিকল্পনা সাজাতে সুবিধা হয়, ঘুরিয়ে-ফিরিয়ে বোলারদের ব্যবহার করাও সহজ হয়ে যায়। তবে বোলার হার্দিকের খামতি মেটানোর যথেষ্ট শক্তি ভারতের আছে বলে মন্তব্য করেছেন কপিল। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে রাখছে ডেভিড ওয়ার্নারের ফর্ম। আইপিএলে ব্যর্থতার জেরে বাদ পড়েছিলেন দল থেকে। গতকালের ম্যাচে প্রথম বলেই তিনি আউট হন। তবে ওয়ার্নার দ্রুত ছন্দে ফিরবেন বলে আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল।












Click it and Unblock the Notifications