India vs West Indies: মুকেশ অভিষেক টেস্টেই পেলেন কার উইকেট? বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে হাফ সেঞ্চুরি ব্রাথওয়েটের
India vs West Indies: ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাঘাত ঘটাল বৃষ্টি। প্রথম সেশনে খেলা হলো মাত্র ১০.৪ ওভার। তার মধ্যেই প্রথম আন্তর্জাতিক উইকেটটি তুলে নিলেন বাংলার পেসার মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ এই টেস্টেও হার বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। আপাতত ফলো অন এড়ানোর চেষ্টা করছে ক্রেগ ব্রাথওয়েটের দল। দ্বিতীয় সেশনে হাফ সেঞ্চুরি করা ব্রাথওয়েটকে ফিরিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪১ ওভারে ১ উইকেটে ৮৬। রবীন্দ্র জাদেজা আউট করেছিলেন ত্যাগনারায়ণ চন্দ্রপলকে। প্রথম সেশনে ১০.৪ ওভার হওয়ার পরই বৃষ্টিতে খেলা বন্ধ রাখতে হয়। বৃষ্টি ও তারপর মাঠ ভিজে থাকার কারণে মধ্যাহ্নভোজের বিরতি আগেই নেওয়া হয়।

লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪১.৪ ওভারে ২ উইকেটে ১১৭ রান। ৪২তম ওভারের চতুর্থ বলেই কার্ক ম্যাকেঞ্জিকে সাজঘরে ফেরান মুকেশ কুমার। মুকেশের মতোই এই টেস্টেই অভিষেক হয়েছে ম্যাকেঞ্জির। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ম্যাকেঞ্জি ৫৭ বলে ৩২ রান করে কট বিহাইন্ড হন। এরপরই খেলা বন্ধ রাখতে হয়। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট অপরাজিত ছিলেন ৪৯ রানে।
দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার পর ব্রাথওয়েট ১৭০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৭২.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটটি তুলতে সক্ষম হয়েছেন ভারতীয় বোলাররা। পাঁচটি চার এবং একটি ছয়ের সাহায্যে ২৩৫ বলে ৫৭ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে যান ক্যারিবিয়ান অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটটি পড়েছে ১৫৭ রানে।
এখনও পর্যন্ত ৭৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি মেডেন-সহ ১১ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মুকেশ। অশ্বিন ও জাদেজা পেয়েছেন একটি করে উইকেট। মহম্মদ সিরাজ ১৪ ও জয়দেব উনাদকাট ৯ ওভার হাত ঘুরিয়ে একটিও শিকার ঝুলিতে পুরতে পারেননি।












Click it and Unblock the Notifications