আফগানিস্তানের হাতেই ভারতের ভাগ্য! নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বিরাটরা
আফগানিস্তানের হাতেই ভারতের ভাগ্য! নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বিরাটরা
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনালে যাবে, তা নিয়ে তুমুল লড়াই ছিল দুই গ্রুপেই। দুটি গ্রুপ থেকে ইংল্যান্ড ও পাকিস্তান আগেই কোয়ালিফাই করেছিল। বাকি দুই টিম নিয়েই যাবতীয় জল্পনা। তার মধ্যে গ্রুপ এ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে দুটি দল। ইংল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে। এখন গ্রুপ বি-তে টানটান উত্তেজনা, পাকিস্তান ছাড়া কোন দল সেমিফাইনালে পৌঁছবে।

গ্রুপের যা পরিস্থিতি নিউজিল্যান্ড, ভারত বা আফগানিস্তান যে কোনও দলই কোয়ালিফাই করতে পারে। তবে নিউজিল্যান্ডের সম্ভাবনাই সবথেকে উজ্জ্বল। কারণ আফগানিস্তানকে হারালেই তারা চলে যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে ভারতের বা আফগানিস্তানের কাছে আর কোনও সুযোগ থাকবে না।
একমাত্র আফগানিস্তানই ঘোরাতে পারে গ্রুপের রং। ভারতের ভাগ্য পুরোপুরি আফগানিস্তানের হাতে। রশিদ খানরা জাদু দেখাতে পারলেই ভারতের সম্ভাবনা। তা না হলে ভারতের বিদায়ঘণ্টা বেজে যাবে এদিন প্রথম ম্যাচের পরেই। নিউজিল্যান্ডকে হারালে আফগানিস্তানও সেমিফাইনালে যেতে পারে। সেক্ষেত্রে ভারত নামিবিয়াকে হারাবে ধরে নিয়েই আফগানিস্তানকে বড় ব্যাবধানে জিততে হবে।
আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারায়, সেক্ষেত্রে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাই অপেক্ষাকৃত বেশি উজ্জ্বল থাকবে। কেননা ভারত দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে। আফগানিস্তানের জয়ের ব্যবধান বা নেট রান রেট দেখে ভারত ম্যাচ-স্ট্র্যাটেজি স্থির করতে পারবে। সেই কারণে সবার চোখ এদিন নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ এই কারণেই আরও চমকপ্রদ যে, দুটি দলই নিজেদের জন্যই খেলবে। দুটি দলেরই লক্ষ্য থাকবে জয়। আফগানিস্তানের সামনেও সেমিফাইনালে যাওয়ার মস্তবড় সুযোগ থাকছে এবার। আর তাদের পারফরম্যান্সও যথেষ্ট উজ্জ্বল এবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাই অঘটনের আশায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রীভাবে হারার পর আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠেছিল ভারত। পর্যাপ্ত প্রাধান্য নিয়ে ভারত দুটি ম্যাচ জিতেছিল। এখন নিউজিল্যান্ড পা হড়কালেই ভারত সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে তৈরি। ভারত দুটি ম্যাট জিতে নেট রান রেটে ইতিমধ্যই টেক্কা দিয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে। ভারত আফগানিস্তানকে হারানোর পর স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে জয় তুলে নিয়ে রান রেট বাড়িয়ে রেখেছে। শুধু নিউজিল্যান্ডের পা হড়কানোর অপেক্ষা। তাহলেই ভারত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে। ভারতের নেট রানরেট দুটি ম্যাচে হারের পর ছিল -১.৬১৯। আর পরবর্তী দুটি ম্যাচ হারের পর ভারতের নেট রান রেট +১.৬১৯।












Click it and Unblock the Notifications