India vs Ireland T20Is: বৃষ্টিবিঘ্নিত টি ২০ আন্তর্জাতিকে আয়ারল্যান্ডকে হারাল ভারত, ম্যাচের সেরা অধিনায়ক বুমরাহ
India vs Ireland T20Is: ডাবলিনের মালাহাইডে আয়ারল্যান্ড ব্যাটিং বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ালেও তাতে শেষরক্ষা হলো না। বৃষ্টিবিঘ্নিত টি ২০ আন্তর্জাতিকে ডিএলএস মেথডে ২ রানে জয় ছিনিয়ে নিল ভারত।
তিন ম্যাচের সিরিজে জসপ্রীত বুমরাহর দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে। রবিবার সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। ১১ মাস পর ভারতের একাদশ টি ২০ অধিনায়ক হিসেবে নেমে ম্যাচের সেরা হলেন বুমরাহ।

৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন ভারতের ১ নম্বর পেসার বুমরাহ। কামব্যাক ম্যাচেই সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, ভালো লাগছে। এনসিএতে প্রচুর অনুশীলন করেছি, অনেক প্রস্তুতি ম্যাচও খেলেছি। তবে এতদিন বাইরে থেকেও মনে হয়নি অনেক কিছু মিস করেছি বা নতুন কিছু করতে হচ্ছে। ফলে সাপোর্ট স্টাফদের কৃতিত্ব দেব। দলের জয়ে অবদান রাখলে সব সময়ই ভালো লাগে।
বুমরাহ আরও জানান, নিজের পারফরম্যান্সের চেয়েও অধিনায়ক হিসেবে সব সময় দলের বিষয়টিই মাথায় থাকে। এখানকার আবহাওয়া বোলারদের পক্ষে অনুকূল ছিল। প্রতি ম্যাচেই আমরা উন্নত পারফরম্যান্স উপহার দিতে চাই। পারফেক্ট গেম খেলতে চাই। দলের প্রত্যেকেই নিজেদের উপর বিশ্বাস রাখছেন ভালো খেলার বিষয়ে। আইপিএল এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়েছে।
গোটা দলের মধ্যে যে আত্মবিশ্বাস দেখছেন তা ভালো লক্ষণ হিসেবেই চিহ্নিত করেছেন বুমরাহ। আজ টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও ৭ উইকেটে ১৩৯ রান তোলে। ব্যারি ম্যাককার্থি চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। কুর্টিস ক্যাম্ফার করেন ৩৩ বলে ৩৯।

জসপ্রীত বুমরাহর পাশাপাশি রবি বিষ্ণোই ও প্রসিদ্ধ কৃষ্ণ ২টি করে উইকেট দখল করেন। অর্শদীপ সিং নেন ১ উইকেট, শেষ ওভার করতে গিয়ে তিনি ২২ রান দেন। জবাবে খেলতে নেমে সপ্তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ভারত হারায় যশস্বী জয়সওয়াল (২৩ বলে ২৪) ও তিলক বর্মা (১ বলে ০)-র উইকেট। ভারতের স্কোর যখন ৬.৫ ওভারে ২ উইকেটে ৪৭, তখনই জোরে বৃষ্টি নামে।
ঋতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৯ ও সঞ্জু স্যামসন ১ বলে ১ রানে অপরাজিত ছিলেন। ডিএলএস পার স্কোরের চেয়ে ২ রান বেশি তোলায় ভারত জয়ী ঘোষিত হয়। রবিবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications