IND vs NZ: ৪৬! দেশের মাটিতে টেস্টে সর্বনিম্ন স্কোর ভারতের, ২ ব্যাটার ছাড়া কেউ দুই অঙ্কের রান পেলেন না
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চরম লজ্জার সম্মুখীন হলো ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জেতা রোহিতের দল এদিন প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ৪৬ রানেই।
এটি দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর। ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।

বিরাট কোহলি (৯ বল), সরফরাজ খান (৩ বল), লোকেশ রাহুল (৬ বল), রবীন্দ্র জাদেজা (৬ বল) ও রবিচন্দ্রন অশ্বিন (১ বল) শূন্য রানে আউট হন। ঋষভ পন্থ ৪৯ বলে ২০ ও যশস্বী জয়সওয়াল ৬৩ বলে ১৩ রান করেন। রোহিত শর্মা ২, জসপ্রীত বুমরাহ ১ রান করেন।
বৃষ্টির কারণে গত কয়েক দিন ধরে পিচ ঢাকা ছিল। গতকাল টেস্টের প্রথম দিনেও বৃষ্টি হয়েছে। আজ মেঘলা আবহাওয়া ও বৃষ্টির ভ্রুকুটি থাকা সত্ত্বেও রোহিত টস জিতে ব্যাটিং নেন। ১২.৪ ওভারের পর বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। প্রথম ১০ ওভারের মধ্যেই ভারতের তিন উইকেট পড়ে গিয়েছিল।
মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের স্কোর ছিল ২৩.৫ ওভারে ৬ উইকেটে ৩৬। লাঞ্চের পর প্রথম বলেই আউট হন রবিচন্দ্রন অশ্বিন। শেষ অবধি ৩১.২ ওভারে ৪৬ রানে শেষ ভারত। কুলদীপ যাদব ২, জসপ্রীত বুমরাহ ১ রানে আউট হন। ১৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।
টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১.২ ওভারে ৩৬। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১৭ ওভারে ৪২ রানে অল আউট হয়েছিল। তারপর রইল এদিনের ৪৬। এর আগে, দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০.৫ ওভারে ৭৫।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ১৩.২ ওভারে ৩টি মেডেন-সহ ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন। ফলে টেস্টে তাঁর উইকেট-সংখ্যা দাঁড়াল ১০০। ৬টি মেডেন-সহ ১২ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন উইলিয়াম ও'রোর্ক। টিম সাউদির ৬ ওভারে ৪টিই মেডেন, ৮ রান দিয়ে তিনি নেন ১ উইকেট।












Click it and Unblock the Notifications