IND vs NZ: ভুলের দায় নিলেন রোহিত, সতীর্থদের আগলে হাল ছাড়তে নারাজ, পন্থকে নিয়ে চিন্তা
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে রোহিত শর্মা ব্যাটিং নেন। গতকাল বৃষ্টিতে খেলা হয়নি। আজ আকাশ মেঘলা ছিল। দুপুর অবধি বৃষ্টির পূর্বাভাসও ছিল।
সকালে ফ্লাডলাইট জ্বেলে খেলা হয়। পরে বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় অবশ্য কয়েক ঘণ্টা ভালোই রোদ ছিল। ফলে রোহিত শর্মার টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে।

সিদ্ধান্ত যে ভুল ছিল তা দিনের খেলার শেষে স্বীকার করলেন রোহিত। ভারতের ৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৮০ রান তুলে ফেলেছে। ভারতীয় দল আজ প্রথমে বোলিং নিতে পারতো বলে অনেকেই মনে করছেন। বৃষ্টিবিঘ্নিত টেস্টে ভারতের তিন স্পিনার নামার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।
যদিও এখনও অবধি নিউজিল্যান্ডের তিনটি উইকেটই তুলে নিয়েছেন ভারতীয় স্পিনাররা। রোহিত বলেন, আপনারা মতামত জানাতেই পারেন। কখনও ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি। কখনও সেটা হয় না। আজ পরেরটাই হয়েছে। ৪৬ রানে আউট হওয়া আঘাত দিয়েছে। এদিনের সিদ্ধান্তটা আমারই ছিল। তবে দলগতভাবে আমি এগুলিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।
ভারত চাপে থাকলেও ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মপ্রত্যয়ী রোহিত। রোহিতের কথায়, আমরা ভালো খেলতে চাই। নিজেদের চ্যালেঞ্জের মুখেও ফেলতে চাই। আমাদের দিকে যে চ্যালেঞ্জ এসেছিল তাতে প্রত্যাশিতভাবে সাড়া দেওয়া যায়নি। আমরা ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছি। এই সংখ্যা আঘাত করার মতোই। তবে ৩৬৫ দিনে দু-তিনটে খারাপ সিদ্ধান্ত হতেই পারে।
তিন স্পিনার খেলানো নিয়ে ভারত অধিনায়ক বলেন, উইকেটে বেশি ঘাস ছিল না। ফলে মনে হয়েছিল, কয়েক সেশন পরের থেকেই বল ঘুরতে শুরু করবে। ভারতে যখনই খেলা হয় প্রথম সেশন গুরুত্বপূর্ণ থাকে। এরপর উইকেট খেলার পক্ষে সহজ হয়ে যায়। আর তারপর স্পিনাররা জাঁকিয়ে বসতে পারেন।
উইকেটে যেহেতু ঘাস ছিল না, সে কারণেই ভারত তিন স্পিনার খেলাচ্ছে, যুক্তি রোহিতের। রোহিত বলেন, পাটা উইকেটে বল করে উইকেট তুলতে পারেন বলেই কুলদীপ যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিই। তবে যতটা মনে হয়েছিল, এই উইকেট ততটা পাটা নয় বলেই উপলব্ধি রোহিতের। ফলে পিচের চরিত্র বুঝতেও তাঁর যে ভুল হয়েছে তা মেনে নিলেন ভারত অধিনায়ক।
বিরাট কোহলি তিনে নেমে শূন্য রানে আউট হন। শুভমান গিলের অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে তিনে খেলানোর জল্পনা ছিল। রোহিত বলেন, অভিজ্ঞ ক্রিকেটারদেরই বাড়তি দায়িত্ব নিতে হয়। এদিন বিরাটকে তা নিতে হয়েছিল। তিনি তিনে নামতে প্রস্তুত ছিলেন। সরফরাজ চার থেকে ছয়ে বেশি খেলেন। ফলে বিরাটের কাছেই জিজ্ঞাসা করা হয়েছিল তিনি তিন নম্বরে যাবেন কিনা।
রোহিত বলেন, আমরা চাইনি ঋষভ পন্থ, লোকেশ রাহুল ও সরফরাজ খানের পজিশন বদলাতে। তবে প্লেয়াররা এগিয়ে এসে দায়িত্ব নিচ্ছেন, চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এটা খুবই ইতিবাচক লক্ষণ। রাহুল যাতে ছয় নম্বরে যেতে পারেন, সে কারণেই বিরাটকে তিনে নামানোর পরিকল্পনা।
রোহিত এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই বলেন, চালাও তলোয়ার। অর্থাৎ খারাপ দিনে যে কড়া প্রশ্ন ধেয়ে আসবে তা সামলাতে এদিন নিজেই এগিয়ে এলেন রোহিত। সাধারণত এই ধরনের সাংবাদিক বৈঠকে পাঠানো হয় দিনের সেরা পারফর্মারকে। তবে সতীর্থদের আগলে রোহিত নিজেই এলেন।
রোহিত বলেন, আমাদের খেলায় থাকতে হবে। নিউজিল্যান্ডকে সহজে এগিয়ে যেতে দেওয়া যাবে না। ১৩৪ রানে রানে এগিয়ে। যতটা কম রানে তাদের থামাতে হবে। উইকেট থিতু হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেই ম্য়াচ জেতার আশা ছাড়ছেন না রোহিতরা।
চিন্তা থাকছে ঋষভ পন্থকে নিয়ে। রোহিত বলেন, বল সরাসরি গিয়ে পন্থের সেই হাঁটুতে লেগেছে, যেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফলে হাঁটু ফুলে রয়েছে। যন্ত্রণাও রয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাঁকে মাঠের বাইরে রাখা হয়েছে। ঋষভও ঝুঁকি নিতে চাননি। পেশীর অবস্থা কেমন তা দ্রুত বলা যায় না। আশা করব, রাতে বিশ্রাম নিয়ে কাল পন্থ মাঠে নামতে পারবেন।












Click it and Unblock the Notifications