IND vs NZ: ৪১ বছর পর কোন অভিজ্ঞতার সাক্ষী ভারত? রোহিতের নাম ধোনির পরেই, বদলাচ্ছেন না মানসিকতা
IND vs NZ: ১৯৮৩ সালের পর ২০২৪। কোনও বছরে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারার নিরিখে ভারত পুণেতে স্পর্শ করল ৪১ বছর আগের নিজেদের রেকর্ড।
ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বেঙ্গালুরু ও পুণে টেস্টে পরাস্ত হওয়ার পর প্যানিক বোতামে চাপ দিচ্ছেন না। বলছেন, সিরিজ হেরে খারাপ লাগছে। তবে সিস্টেম ওলট-পালটের দরকার নেই।

২০১২ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তারপর টানা ১৮টি টেস্ট সিরিজ জেতার পর নিউজিল্যান্ডের কাছে পরাজয়। বিরাট কোহলি ২০১৪ থেকে ২০২১ অবধি ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন। কোহলির নেতৃত্বে ভারত দেশের মাটিতে ১১টি টেস্ট সিরিজ খেলে একটিতেও হারেনি।
৪৩৩১ দিন পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত। দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজেয় থাকার এই নজিরের ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, দেশের মাটিতে প্রোটিয়াদের দুটি টেস্ট সিরিজের মধ্যে হারের সর্বাধিক ব্যবধান ১৭৩৩ দিন।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২০০৮ থেকে ২০১৪ অবধি ১১টি সিরিজ খেলেছে। তার মধ্যে একটিতেই হেরেছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ২০২১ থেকে চলতি টেস্ট সিরিজ নিয়ে ভারত পাঁচটি সিরিজের মধ্যে একটিতে হারল। আর সেই পরিসংখ্যান হাতিয়ার করেই রোহিত ঘুরে দাঁড়াতে চাইছেন।
রোহিত এদিন টেস্টের পর বলেন, আমাদের ব্যাটাররাই খারাপ পিচেও ব্যাট করে দলকে জিতিয়েছেন। ১২ বছরে একটা সিরিজ হারতে হতেই পারে। ভারতীয় দল টানা ভালো খেলাতেই প্রত্যাশা বেড়েছে। দেশের মাটিতে নামলে সকলেই ভাবেন, সব সময় দল জিতবে। কিন্তু সেটা সব সময় নাও হতে পারে।
রোহিত বলেন, এই সিরিজে আমাদের ব্যাটিং প্রত্যাশামতো হচ্ছে না। ব্যাটিং বিভাগ ভেঙে পড়েছে। কিন্তু এই ব্যাটাররাই আমাদের সিরিজে জিতিয়েছেন। চলতি সিরিজে তিনটি ইনিংসে আমরা ভালো ব্যাট করতে পারিনি। এই টেস্টেও যেভাবে খেলছিলাম তাতে কয়েকটা বড় পার্টনারশিপ হলে জেতা যেত।
ভারত অধিনায়ক রোহিত দলের মানসিকতা বদলাবেন না বলেও জানিয়ে দিলেন। তিনি বলেন, আমি চাই প্রথমে জয় ছিনিয়ে নিতে। তারপর দরকার পড়লে টেস্ট বাঁচানোর। উল্টোটা নয়। অবশ্যই অন্য কিছু না ভেবে আমরা মুম্বই টেস্ট জিততে চাই।
রোহিতের দাবি, প্লেয়াররা সকলেই জানেন কীভাবে খেলতে হয়। কয়েকজনের সঙ্গে কিছু ব্যাপারে কথা বলেই সমস্যা কাটানোর চেষ্টা করতে চান রোহিত। রবিচন্দ্রন অশ্বিনের পাশে দাঁড়িয়ে বললেন, সব সময়ই বল হাতে কেউ জেতাবেন সেটাও প্রত্যাশা করা উচিত নয়। দু-একটা ম্যাচ পরিকল্পনামাফিক নাও হতে পারে।












Click it and Unblock the Notifications