IND vs NZ: হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে অদম্য পন্থ, সরফরাজের সঙ্গে জুটিতে নিউজিল্যান্ডকে নাকানিচোবানি
IND vs NZ: সরফরাজ খানের শতরানের পরই আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন ঋষভ পন্থ। চাপের মুখে তাঁর দ্বাদশ টেস্ট অর্ধশতরানের রয়েছে আলাদা তাৎপর্য।
চোট জয় করেই লড়াই চালিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ। তাঁর সঙ্গে সরফরাজ খানের পার্টনারশিপই ভারতকে ম্যাচ বাঁচাতে, এমনকী জয়ের স্বপ্ন উস্কে দিতেও বড় ভূমিকা নিল।

সকাল ১১টা নাগাদ বৃষ্টি নামায় চতুর্থ দিনের খেলা আপাতত বন্ধ রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ বেঙ্গালুরুতে। ফ্লাডলাইট জ্বালিয়েই খেলা চলছিল। তবে নিউজিল্যান্ডের পেসাররা এই কন্ডিশনে সরফরাজ খান বা ঋষভ পন্থকে চাপে ফেলতে পারেননি। নাকানিচোবানি খাচ্ছেন স্পিনাররাও।
ঋষভ পন্থকে রান আউট করার সুবর্ণ সুযোগ নষ্ট করেছে নিউজিল্যান্ড। ৬৬তম ওভারের চতুর্থ বলে ঋষভ পন্থকে লেগ বিফোর দেন আম্পায়ার। রিভিউ নিয়ে রক্ষা পান পন্থ, বল তাঁর ব্য়াটে লেগেছিল আগে। এর পরের বলেই ফের রিভিউ নেয় নিউজিল্যান্ড। তবে এ ক্ষেত্রেও পন্থের ব্যাটে বল লাগায় কিউয়িদের রিভিউ নষ্ট হয়।
প্রথম ইনিংসে ভারত পিছিয়ে পড়েছিল ৩৫৬ রানে। এখন তা নেমে এসেছে ১২ রানে। ভারতের দ্বিতীয় উইকেট পড়েছিল ৪৯ ওভারে ২৩১ রানে। গতকাল দিনের শেষ বলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। আজ বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবধি ৭১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৪৪।
ঋষভ পন্থ দ্বিতীয় দিন উইকেটকিপিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। বল সরাসরি গিয়ে ডান হাঁটুতে লেগেছিল। গাড়ি দুর্ঘটনার কারণে সেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। গতকাল সারাদিন ফিল্ডিং করতে পারেননি পন্থ। তবে তারই ফাঁকে থ্রোডাউন সামলাতে দেখা গিয়েছিল।
আজ পন্থ হাঁটুতে মোটা ব্যান্ডেজ করেই খেলতে নেমেছেন। ফের দেখা গেল তাঁর অদম্য মনোভাব। সরফরাজ খান ১৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৫৪ বলে ১২৫ বলে অপরাজিত রয়েছেন। পন্থ অর্ধশতরান পূর্ণ করেছেন ৫৫ বলে। আপাতত তিনি অপরাজিত আছেন ৫৬ বলে ৫৩ রানে, মেরেছেন পাঁচটি চার, তিনটি ছয়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় যখন পন্থ সাজঘরে ফিরছিলেন তখন তাঁর পিঠ চাপড়ে দিতে দেখা গেল বিরাট কোহলিকে। সরফরাজ খানের শতরান নিয়েও উচ্ছ্বসিত টিম ম্য়ানেজমেন্ট। বৃষ্টি চতুর্থ দিনের খেলায় থাবা বসিয়েছে। ফলে ভারত যদি শেষ অবধি এই টেস্ট ড্র রাখতেও পারে তা কম কথার নয়। বিশেষ করে ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর।
নিউজিল্যান্ডকে হাত কামড়াতে হবে ভালো পজিশনে থেকেও যদি জয় না নিশ্চিত করতে পারে। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং, বৃষ্টির মতো ফ্যাক্টরে কিউয়িদের জয়ের আশা কমছে। অন্তত দেড়শো রানের লিড নিলেই ভারতীয় স্পিনাররা কিউয়িদের চেপে ধরতে পারবেন বলে মনে করছেন ভিভিএস লক্ষ্মণ।












Click it and Unblock the Notifications