IND vs NZ: ওয়াংখেড়েতে কুম্বলেকে পিছনে ফেললেন অশ্বিন, রবীন্দ্রকে ফিরিয়েই টেস্টে গড়লেন নয়া রেকর্ড
IND vs NZ: ওয়াংখেড়ে টেস্টে আজ এক নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৪ ওভারে ৪৭ রান খরচ করলেও কোনও উইকেট পাননি দেশের ১ নম্বর অফ-স্পিনার।
যদিও দ্বিতীয় ইনিংসে তিনি রাচিন রবীন্দ্রকে সাজঘরে ফিরিয়ে পিছনে ফেলে দিলেন অনিল কুম্বলেকে। ওয়াংখেড়ে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ড এবার এককভাবে অশ্বিনেরই দখলে চলে গেল।

চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট শুরুর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচটি টেস্ট খেলা অশ্বিন ও সাতটি টেস্ট খেলা কুম্বলে- দুজনেই ৩৮টি করে উইকেট দখল করেছিলেন এই স্টেডিয়ামে। ফলে এতদিন ওয়াংখেড়েতে সবচেয়ে বেশি উইকেট দখলের নিরিখে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কুম্বলে ও অশ্বিন।
কিন্তু তালিকার শীর্ষে অশ্বিন চলে গিয়েছিলেন কুম্বলের চেয়ে কম টেস্ট খেলে, কম ইনিংসে তিনি সমসংখ্যক উইকেট দখল করায়। অশ্বিন মুম্বইয়ের এই স্টেডিয়ামে কেরিয়ারের ষষ্ঠ টেস্টটি খেলছেন। দ্বিতীয় ইনিংসে বল করায় ওয়াংখেড়েতে তিনি দ্বাদশ ইনিংসে হাত ঘোরাচ্ছেন।
নিউজিল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে অশ্বিনের বলে স্যুইপ মেরে বাউন্ডারি পেয়ে যান রাচিন রবীন্দ্র। পরের বলেই স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়েছিলেন। কিন্তু অশ্বিনের ঘূর্ণি মিস করে তিনি স্টাম্প আউট হয়ে যান। ৩ বলে মাত্র ৪ রান করে।
রাচিন রবীন্দ্রর এই উইকেটটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অশ্বিনের ৩৯তম শিকার। যার ফলে তিনি ভেঙে দিলেন কুম্বলের রেকর্ড। ওয়াংখেড়েতে অশ্বিনকে এই টেস্টের পর আর কোনওদিন টেস্টে বোলিং করতে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা রয়েছে। তবে তিনি আপাতত এই স্টেডিয়ামে টেস্টে এককভাবে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন আজ থেকেই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে কপিল দেবের ২৮টি, হরভজন সিংয়ের ২৪টি, কারসন ঘাউড়ির ২৩টি, প্রজ্ঞান ওঝার ২২টি, শিবলাল যাদবের ২২টি, দিলীপ দোশীর ২০টি, রবি শাস্ত্রীর ১৭টি, বিষেণ সিং বেদীর ১৫টি, ভাগবৎ চন্দ্রশেখরের ১৪টি উইকেট রয়েছে। বেদী, চন্দ্রশেখরকে ছোঁয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে গিয়েছে। রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। ফলে ওয়াংখেড়ে টেস্টে জাদেজার উইকেট-সংখ্যা ১৩। বাকি পাঁচটি উইকেটের মধ্যে একটি পেলেই জাড্ডু ছুঁয়ে ফেলবেন চন্দ্রশেখরকে।












Click it and Unblock the Notifications