IND vs ENG: রজতের সঙ্গে সরফরাজের টেস্ট অভিষেকের কতটা সম্ভাবনা? বিশাখাপত্তনমে চার বোলারে নামবে ভারত?
IND vs ENG: শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। চোটের কারণে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। তাঁদের পরিবর্ত হিসেবে ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে।
সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারকে টেস্ট দলে নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ রঞ্জি দলের সঙ্গে থাকা আবেশ খানকেও প্রয়োজনে টেস্ট দলে ডাকা হতে পারে বলে জানিয়েছে বিসিসিআই।

এই পরিস্থিতিতে ভারতীয় একাদশে কে কার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে চলছে জোর চর্চা। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করা সরফরাজ খানকে টেস্ট দলে ব্রাত্য রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নির্বাচকদের। বিরাট কোহলি যখন দুটি টেস্ট থেকে সরে দাঁড়ান, তখনও সরফরাজকে না নিয়ে ডাকা হয় রজত পাটীদারকে।
প্রথম টেস্টে হারের পরও তরুণ ক্রিকেটারদের ব্যর্থতায় তিনি এখনই কঠোর হবেন না বলে জানিয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। ফলে ধরে নেওয়া যেতেই পারে, শুভমান গিল ও শ্রেয়স আইয়ার আবারও সুযোগ পাবেন নিজেদের মেলে ধরার। সেক্ষেত্রে লোকেশ রাহুলের জায়গার জন্য লড়াই রজত ও সরফরাজের মধ্যেই।
ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল এক সিমারে। হায়দরাবাদ টেস্টে বেশি বল করতে হয়নি মহম্মদ সিরাজকে। প্রথম ইনিংসে ৬৪.৩ ওভারে সিরাজকে দিয়ে মাত্র চার ওভার বল করিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ভারত বল করেছে ১০২.১ ওভার, তার মধ্যে ৭ ওভার হাত ঘুরিয়েছেন সিরাজ।
ফলে ব্যাটিং মজবুত করতে যদি ভারত রজত ও সরফরাজ দুজনকেই খেলায়, সেক্ষেত্রে একজন বোলার কমাতে হবে। রবীন্দ্র জাদেজার জায়গায় কুলদীপ যাদব খেললে, তিনি রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের সঙ্গী হবেন। একমাত্র পেসার জসপ্রীত বুমরাহ। কিন্তু যদি রজত ও সরফরাজের মধ্যে একজনকে বেছে নিতে হয়?
এ ক্ষেত্রে সরফরাজের চেয়ে এগিয়ে থাকবেন রজত পাটীদারই। বছর তিরিশের রজত ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু-দিনের ট্যুর ম্যাচে ১১১ রান করেছিলেন। এরপর প্রথম আনঅফিসিয়াল টেস্টে ১৫১ ও ৪ রানের ইনিংস খেলেন। তারপরই ডাক পান ভারতের টেস্ট দলে। সরফরাজ খানও রয়েছেন ভালো ফর্মে।
পাটীদার যে ট্যুর ম্য়াচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শতরান করেছিলেন তাতে সরফরাজ করেছিলেন ৯৬ রান। প্রথম আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে ৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেছিলেন। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেন। এরপরই নির্বাচকরা তাঁকে সুযোগ দিলেন।
ভারতের টেস্ট দলে ডাক পাওয়ায় রঞ্জিতে ইডেনে বাংলার বিরুদ্ধে সরফরাজকে পাবে না মুম্বই। তিনি ঝোড়োগতিতে রান করতেও পারদর্শী। রজত পাটীদার ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১২টি শতরান ও ২২টি অর্ধশতরান-সহ ৪ হাজার রান করেছেন। গড় ৪৫.৯৭। ২৬ বছরের সরফরাজ ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪টি শতরান ও ১১টি অর্ধশতরান-সহ ৩৯১২ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০১। গড় ৬৯.৮৫।












Click it and Unblock the Notifications