IND vs ENG: শামির পাশেই রোহিত, জন্মস্থানে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ভবিষ্যৎ নিয়ে কী বললেন ভারত অধিনায়ক?
IND vs ENG: কাল সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। খেলা হবে নাগপুরে। নাগপুরেই জন্ম রোহিত শর্মার।
রোহিতের ব্যাটে রানের খরা চলছে। চাপ বাড়ছে। তবে রোহিত আত্মবিশ্বাসী। পাশে দাঁড়াচ্ছেন সতীর্থদেরও।

অস্ট্রেলিয়ার সিরিজের ব্যর্থতার সঙ্গে মিলিয়ে এই সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, এ আবার কেমন প্রশ্ন! এটা আলাদা ফরম্যাট, আলাদা সময়। ক্রিকেটার হিসেবে আমরা জানি উত্থান পতন থাকবে। আমার কেরিয়ারে তা অনেক হয়েছে। নতুন কিছু নয়।
রোহিত বলেন, প্রতিদিনই ফ্রেশ, ফ্রেশ সিরিজ। চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আগে কী হয়েছে সেটা মাথায় রাখছি না। ফিরে তাকানোর কিছু নেই। অনেক ভালো কিছু হচ্ছে। ফলে ফোকাস সামনের দিকেই। দেখি সামনে কী হয়। সিরিজ ভালোভাবে শুরু করতে চাই।
নাগপুরেই বরুণ চক্রবর্তীর ওডিআই অভিষেক হবে কিনা তা নিয়ে আভাস দেননি রোহিত। তবে চলতি সিরিজে তাঁকে খেলানোর ইঙ্গিত দিয়ে বলেন, টি২০ ফরম্যাট আলাদা, কিন্তু সেখানেও বরুণের বোলিংয়ে আলাদা কিছু বিষয় দেখা গিয়েছে। দেখছি তাঁকে নিয়ে কী করা যায়। তাঁকে খেলানোর সুযোগ রয়েছে। বরুণ একাদশে থাকার দৌড়ে থাকবেন, দলের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
হার্দিক পাণ্ডিয়া চোটপ্রবণ। তাঁর বিকল্প পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাকে ভাবা হচ্ছে সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, যখন হবে তখন দেখা যাবে। চোট পাবে এমন নেগেটিভ চিন্তা কেন। নির্বাচক ও আমাদের মাথায় যা পরিকল্পনা আছে তা এখানে বলব না। বিশ্বকাপ খেলেছি, সেখানে হার্দিক চোট পেয়েছেন। তারপরও আমরা ফাইনালে গিয়েছি। ফাইনালে হারলেও তার আগে অবধি ভালো খেলেছি। প্রার্থনা করুন, যাতে কেউ চোট না পান। ১০০ শতাংশ ফিট থাকেন।
মহম্মদ শামির ছন্দ নিয়ে এক সাংবাদিক সংশয় প্রকাশ করেন। রোহিত বলেন, শামি এক-দেড় বছর খেলেননি। ফলে এখনই বিচার করবেন না। ১০-১২ বছর শামি দলের হয়ে পারফরম্যান্স করেছেন। ঘরোয়া ক্রিকেটের কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে কেউ খারাপ বোলার হয়ে যান না।
রোহিত বলেন, শামি উইকেট নিয়েছেন, দেশকে জিতিয়েছেন। এটা আমাদের মতো সাংবাদিকদেরও মনে রাখা জরুরি। এখন কী হলো তাতে গুরুত্ব না দিয়ে দীর্ঘ সময় কে কী করেছেন সেটা মাথায় রাখা উচিত। স্বল্পমেয়াদি স্মৃতি নয়, ৬-৮ মাস আগে কে কী করেছেন, আগের সিরিজে কী হয়েছে সেটা গুরুত্বপূর্ণ শামি বিশ্বকাপে ভালো বোলিং করেছেন, একাধিক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন, জিতিয়েছেন একার কাঁধে। ফলে এক-দুটো সিরিজেই প্লেয়ার খারাপ হয় না।
লোকেশ রাহুল ও ঋষভ পন্থের মধ্যে একজনকে বাছার কাজ মাথাব্যথা, তবে তা ভালো বলেই মনে করেন রোহিত। তিনি বলেন, রাহুল অনেক বছর ধরে ওডিআইয়ে কিপিং ভালো করছেন। অন্তত শেষ ১০-১৫টি ওডিআইয়ে দলের প্রয়োজনমতো খেলেছেন। ঋষভও রয়েছেন। দুজনেই জেতাতে পারেন। ধারাবাহিকতা, অতীতের পারফরম্যান্স সব দিকই দেখা হবে একাদশ চূড়ান্ত করার ক্ষেত্রে।
জসপ্রীত বুমরাহর ফিটনেসের বিষয়টি স্পষ্ট হতে আরও কয়েক দিন লাগবে বলে জানান রোহিত। তিনি বলেন, বিশ্বকাপ দেড় বছর আগে হয়েছে। ফলে তখনকার মতো খেলব কিনা সেটা এখানে বলতে পারছি না। সকলেই অভিজ্ঞ। জানেন, কোন সিরিজে কী করণীয়। কাউকে আলাদা করে বলতে হয় না।
রোহিতকে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ভবিষ্যৎ নির্ধারণ করতে বলেছে বলে দাবি একটি সর্বভারতীয় দৈনিকে। রোহিত বলেন, অনেক বছর ধরে এমন রিপোর্ট আসছে। আমি এখানে বলতে বসিনি তা সত্যি কিনা। পরে কী হবে তা বলার সময় এটা নয়। এই সিরিজের তিনটি ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ। তাতেই ফোকাস রাখছি। দেখি কী হয়।
রোহিত মুম্বইয়ে বড় হলেও নাগপুরের ছেলে। তিনি বলেন, নাগপুরে যখনই আসি ছোটবেলার কথা মনে পড়ে। ২০২৩ সালে শেষবার এখানে টেস্ট খেলেছি। এক বছর বয়সের অভিজ্ঞতা মনে না থাকলেও ছোটবেলার ছবি দেখলে পুরানো কথা মনে হয়। এখানে আমাদের আত্মীয়রাও রয়েছেন। ফলে ভালোভাবেই ফ্রেশ থেকে সব শুরু করতে চাই।












Click it and Unblock the Notifications