IND vs BAN: বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া সফরের মহড়া নয়, রাহুলের পাশে দাঁড়িয়ে বড় বার্তা রোহিতের
IND vs BAN: ভারতীয় দল বেশ কয়েক মাস পর টেস্ট সিরিজ খেলতে নামছে। বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে দলের শিবির অত্যন্ত কার্যকরী বলে দাবি করলেন রোহিত শর্মা।
ভারত অধিনায়ক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন, এই সিরিজকে তাঁরা অস্ট্রেলিয়া সফরের মহড়া হিসেবেও দেখছেন না। একাদশ বাছাই নিয়েও তাঁর মনোভাব ব্যক্ত করে রোহিত দাঁড়ালেন লোকেশ রাহুলের পাশে।

রোহিতের কথায়, এই সিরিজকে অস্ট্রেলিয়ার ড্রেস রিহার্সাল হিসেবে দেখছি না। প্রতিটি ম্য়াচ গুরুত্বপূর্ণ, কোথায় খেলছি সেটা বড় নয়। আমরা এই টেস্ট, তারপর সিরিজ জিততে চাই। খুব বেশি দূরে তাকাচ্ছি না। সকলেই ভালো জায়গায় থেকে মরশুম শুরু করছেন, সেটাই ভালো।
বাংলাদেশ পাকিস্তানে টেস্ট সিরিজ জেতার পর ভারতেও জিততে বদ্ধপরিকর। রোহিত বলেন, সকলেই চায় ভারতকে হারাতে। এই ভাবনা নিয়ে তারা উপভোগ করুক, মজা পাক। আমরা বৈচিত্র্যময় অনেক দলের বিরুদ্ধেই খেলেছি। নিজেদের খেলাতেই ফোকাস রাখব। ইংল্যান্ড যখন এসেছিল তারাও প্রেস কবফারেন্সে অনেক কিছু বলেছিল। তাতে আমরা ফোকাস দিইনি। প্রতিপক্ষ নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের পর চোটের কারণে ছিটকে যান লোকেশ রাহুল। সরফরাজ খান সাফল্য পান এরপর। বাংলাদেশ সিরিজে সরফরাজের সঙ্গে একাদশে থাকার লড়াই রয়েছে রাহুলের। যদিও রোহিতের কথায় ইঙ্গিত মিলল, রাহুলই থাকবেন প্রথম একাদশে।
রোহিত বলেন, সকলেরই চড়াই-উতরাই থাকে। নিজেকে বুঝে, নিজের প্রতি প্রত্যাশা সম্পর্কে ওয়াকিবহাল থেকে দলের জন্য কী করণীয় সেটা উপলব্ধি গুরুত্বপূর্ণ। রাহুল কতটা গুণসম্পন্ন ক্রিকেটার, তা সকলেই জানেন। আমরা চাই রাহুল সব ম্যাচে খেলুন, তাঁর সেরাটা বেরিয়ে আসুক।
রোহিতের কথায়, রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন। দুর্ভাগ্যজনকভাবে হায়দরাবাদ ম্যাচের পর চোট পেয়েছিলেন। আশা করব, তিনি চেনা ছন্দেই থাকবেন। টেস্ট ক্রিকেটে তাঁর সাফল্য না পাওয়ার কোনও কারণও নেই। সুযোগ রয়েছে। রাহুল নিজে কেরিয়ারকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেই উপলব্ধিটাই বেশি গুরুত্বপূর্ণ।
যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল ও সরফরাজ খানের প্রশংসা করেন রোহিত। তিনি বলেন, আমাদের দলে নির্ভীক, সাবধানী ও দায়িত্বশীল ক্রিকেটারদের মিশ্রণ রয়েছে, যা খুব ভালো দিক। সকলেরই দেশের হয়ে খেলার খিদে রয়েছে। ব্যাটিং, উইকেটকিপিংয়ে তাঁরা নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন। যশস্বী আগের সিরিজ ভালো খেলেছেন। জুরেল চাপের মুখে রান পেয়েছেন। সরফরাজ নির্ভীক। ফলে বাইরে কী হচ্ছে তা নিয়ে তাঁদের ভাবার দরকার নেই।
নতুন সাপোর্ট স্টাফদের কাজের ধরন ভিন্ন হলেও সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন রোহিত। বোলারদের ওয়ার্কলোডের দিকেও নজর রাখতে হচ্ছে ঠাসা ক্রীড়াসূচির কথা ভেবে। তবে দলীপ ট্রফিতেও যেভাবে অনেক বোলার সাফল্য পাচ্ছেন তা ইতিবাচক বলে মনে করেন ভারত অধিনায়ক।
রোহিত আরও বলেন, দ্বিপাক্ষিক সিরিজে হারলে কথা হয়। তবে আমাদের কাছে সব সিরিজই গুরুত্বপূর্ণ। ট্রফি জেতার পরেও রিল্যাক্স থাকা যায় না। আগের টেস্ট সিরিজের সময় অনেকে চোট ছিল। নানা কারণে কয়েকজনকে পাওয়া যায়নি। এখনও কয়েকজন এনসিএতে আছেন। তবে তুলনায় বেশি বিকল্প থাকায় টেস্ট জিততে দলের প্রয়োজন অনুযায়ী সেরা একাদশই বাছাই হবে। একাদশ বাছাইয়ের সময় দেখা হয় কোন ক্রিকেটার আগে কেমন খেলেছেন। রান ও উইকেটের পরিসংখ্যান, অভিজ্ঞতা, সংশ্লিষ্ট প্লেয়ার কতটা প্রভাব বিস্তার করতে পারেন সেই সব দিক বিবেচনা করা হয়।












Click it and Unblock the Notifications