ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কাদের রাখল অস্ট্রেলিয়া? দেখুন তালিকা
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লন্ডনের ওভালে শুরু জুনের ৭ তারিখ থেকে। ১১ জুন অবধি খেলা চলার কথা। রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন। ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণার আজই ছিল শেষ দিন।
ভারত শুধুমাত্র রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় একটিই পরিবর্তন করেছে। অস্ট্রেলিয়ার ১৫ জনের চূড়ান্ত দলে ঠাঁই হলো না মিচেল মার্শ ও ম্যাট রেনশর।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সব ম্যাচে খেলতে পারেননি জশ হ্যাজলউড। চোট নিয়ে তিনি আগেই দেশে ফিরেছিলেন। তবে স্ক্যানে খারাপ কিছু ধরা পড়েনি। সে কারণে জশ হ্যাজলউডকে রেখে দেওয়া হয়েছে ১৫ জনের দলে।
জশ ইনগ্লিস এখনও অস্ট্রেলিয়ার হয়ে একটিও টেস্ট খেলেননি। ভারত সফরে এসে অভিষেক হয়েছিল টড মার্ফির। তাঁদের দলে রাখা হয়েছে। মাইকেল নেসের ও শন অ্যাবট রয়েছেন নেট বোলার হিসেবে। হ্যাজলউড শেষ অবধি ছিটকে গেলে প্রয়োজনে তাঁর স্থলাভিষিক্ত হবেন নেসের। তাঁর ব্যাটিংয়ের হাতও বেশ ভালো।

ভারতের চূড়ান্ত দলে কোনও রদবদল করা হয়নি। শুধু ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় স্ট্যান্ড-বাই হিসেবে ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ঈশান কিষাণ আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে চোখে চোট পেয়েছিলেন। জয়দেব উনাদকাট কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান। তাঁদের দুজনকেই রাখা হয়েছে ভারতের ১৫ সদস্যের দলে।
ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারত কেএস ভরতকেই খেলাবে। কিষাণকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে লন্ডনে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, উমেশ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুররা। শার্দুল আইপিএলে সব ম্যাচ খেলতে পারেননি, কয়েকটিতে বোলিংও করেননি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ঈশান কিষাণ।
ভারতীয় দলের স্ট্যান্ড-বাই ক্রিকেটাররা হলেন যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অযালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ঁ, টড মার্ফি, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া দলে স্ট্যান্ড-বাই হিসেবে রয়েছেন মিচেল মার্শ ও ম্যাট রেনশ। ফাইনালে জয়ী দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। বিজিত দলের জন্য থাকছে ৮ লক্ষ মার্কিন ডলারের পুরস্কারমূল্য।












Click it and Unblock the Notifications