ICC World Cup 2023: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানের পর জাম্পা ম্যাজিক, অস্ট্রেলিয়ার কাছেও হারল পাকিস্তান
ICC World Cup 2023: বিশ্বকাপে সহ অধিনায়ককে বাদ দিয়ে নতুন রণকৌশল সাজিয়েও ভরাডুবি পাকিস্তানের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারল না পাকিস্তান।
প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া জিতল ৬২ রানে। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ শতরান করেন। পাকিস্তানের টার্গেট ছিল ৩৬৮ রানের। অ্যাডাম জাম্পা চার উইকেট নিলেন। পাকিস্তান ৪৫.৩ ওভারে ৩০৫ রানেই শেষ।

এই জয়ের ফলে অস্ট্রেলিয়ার ঝুলিতে চার ম্যাচে চার পয়েন্ট। পাকিস্তানেরও তাই। যদিও নেট রান রেটে কিছুটা এগিয়ে প্যাট কামিন্সরা। অজি অধিনায়ক ম্যাচ জিতে তৃপ্ত। বললেন, কঠিন ম্যাচ ছিল। জিতে ভালো লাগছে। ওপেনাররাই ভিত গড়ে দিয়েছিলেন। দীর্ঘক্ষণ ওপেনাররা ব্যাট করেছেন। অ্য়াডাম জাম্পা বল হাতে অসাধারণ।
কামিন্স বলেন, উইকেট নিতে পারদর্শী জাম্পা আজ নিজের জাত চিনিয়েছেন। বাবর আজম ও ইফতিখার আহমেদের উইকেট দুটিই বড়। দ্বিতীয় জয় পেলাম। পরের ম্যাচের আগে কয়েকদিনের বিরতি পাব। বিশ্রাম নিয়েই পরের লক্ষ্য ঝাঁপাতে চাইছে অস্ট্রেলিয়া। শেষ দুই ম্যাচে দল যেভাবে খেলেছে সেটাই বজায় রাখতে চান কামিন্স।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, প্রথম ৩৪ ওভার ও ফিল্ডিং, এই দুটি ফ্যাক্টরেই সমস্যা হলো। ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারের ক্যাচ ফেলার খেসারৎ দিতে হয়েছে। তবে শেষ ১৫ ওভারে জোরে বোলার ও স্পিনাররা আমাদের ম্যাচে ফেরান। এই রান তোলা উচিত ছিল। নৈশালোকে বল ব্যাটেও ভালোই আসছিল।
ছোট পার্টনারশিপকে বড় পার্টনারশিপে পরিণত করতে না পারার খেদ রয়েছে বাবরের। প্রথম ১০ ওভারের বোলিং ও মিডল অর্ডারে খেলার মান উন্নত করার প্রয়োজনীয়তা অনুভব করছেন পাক অধিনায়ক। আবদুল্লাহ শফিক ৬৪, ইমাম উল হক ৭০, বাবর আজম ১৮, মহম্মদ রিজওয়ান ৪৬, সাউদ শাকিল ৩০, ইফতিখার আহমেদ ২৬ ও মহম্মদ নওয়াজ ১৪ রান করেন।
অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন। মার্কাস স্টইনিস ৫ ওভারে ৪০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। প্য়াট কামিন্স ৭.৩ ওভারে ৬২ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের ঝুলিতে ১টি করে উইকেট।
এর আগে, টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৩৬৭ রান তোলে। ডেভিড ওয়ার্নার ১৬৩ ও মিচেল মার্শ ১২১ রান করেন। পাঁচ উইকেট শাহিন শাহ আফ্রিদির। হ্যারিস রউফ নেন ৩ উইকেট। ভারতের পর আজ অস্ট্রেলিয়ার কাছে হেরে পয়েন্ট তালিকার পাঁচে পাকিস্তান। অস্ট্রেলিয়া উঠে এলো চতুর্থ স্থানে।
২৩ অক্টোবর চেন্নাইয়ে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ২৫ অক্টোবর দিল্লিতে অস্ট্রেলিয়ার ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications