ICC World Cup 2023: বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড, ম্যাচ শেষে হাসপাতালে শাকিব, চোট উইলিয়ামসনেরও
ICC World Cup 2023: চেন্নাইয়ে বাংলাদেশকে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপরা এবারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিকও সারল।
যদিও দুই শিবির তাকিয়ে অধিনায়কদের ফিটনেসের দিকে। হাসপাতালে স্ক্যান করাতে যাওয়ায় ম্যাচের শেষে সঞ্চালকের সামনে আসতে পারলেন না শাকিব আল হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন কাল স্ক্য়ান করাতে যাবেন।

ব্যাটিংয়ের সময় ক্র্যাম্প নিয়ে মাঠ ছেড়েছিলেন কেন উইলিয়ামসন। আইপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে সাত মাস মাঠের বাইরে ছিলেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও চোট সারিয়ে সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচ এদিনই প্রথম খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। ম্যাচের শেষে তাঁর হাতের আঙুলে চোটের কথাও জানা গেল।
উইলিয়ামসন বলেন, আঙুলে লেগেছে। কিছুটা ফুলেছে। কাল স্ক্যান করাব, তবে আশা করি সমস্যা হবে না। হাঁটুর চোট সারার পর যেভাবে আজ ব্যাটিং করেছেন, দলের জয়ে অবদান রাখতে পেরেছেন তাতেও তৃপ্ত কেন। অন্যদিকে, শাকিবের হ্যামস্ট্রিংয়ে চোট বলে জানা যাচ্ছে। নাজমুল হোসেন শান্ত জানান, স্ক্যান রিপোর্ট এলেই পরিস্থিতি ভালোভাবে বোঝা যাবে।
আজ টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। জন্মদিনে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন লিটন দাস। প্রথম ওভারের প্রথম বলেই আঘাত হানেন ট্রেন্ট বোল্ট, বিশ্বকাপে কিউয়িদের এমন নজির এই প্রথম। বাংলাদেশ ৯ উইকেটে ২৪৫ রান তোলে। ৬৬ রান মুশফিকুর রহিমের। মাহমুদুল্লাহ ৪৪ রানে অপরাজিত থাকেন। শাকিবের সংগ্রহ ৪০।

লকি ফার্গুসন ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নিয়েছেন। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ৪২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ৬৭ বলে ৮৯ ও গ্লেন ফিলিপস ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। কেন উইলিয়ামসনের দিকে ছিল সকলের নজর। তিনি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৭ বলে ৭৮ রান করার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান। ডেভন কনওয়ে ৪৫ ও রাচিন রবীন্দ্র ৯ রান করেন।
উইলিয়ামসন ও কনওয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন। এরপর মিচেলের সঙ্গে গড়েন ১০৮ রানের পার্টনারশিপ। মুস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসান একটি করে উইকেট নেন। নাজমুল হোসেন শান্ত বলেন, আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে বোলাররা ছন্দে ফিরেছেন। বিশেষ করে পেসাররা। ফলে ব্যাটিংটা ভালো হলেই পরের ম্যাচগুলিতে খেলা অন্যরকম হবে।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকার ১ নম্বরে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে বাংলাদেশ। ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে। তার আগের দিন চেন্নাইয়ে নিউজিল্যান্ডের সামনে আফগানিস্তান।












Click it and Unblock the Notifications