ICC World Cup 2023: ট্রাভিস হেড হাতের চোট সারিয়ে ভারতে আসছেন, অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি
ICC World Cup 2023: বিশ্বকাপে দুটি ম্যাচে হেরে বেজায় অস্বস্তিতে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে রয়েছে নবম স্থানে। আফগানিস্তান যদি আজ ইংল্যান্ডকে হারায় তাহলে অজিরা নেমে যাবে দশে।
কাল লখনউয়ে প্যাট কামিন্সের দলের সামনে অস্ট্রেলিয়া। এই ম্যাচে হারলে সেমিফাইনালে ওঠার সমীকরণ খুবই কঠিন হয়ে যাবে অজিদের জন্য। যদিও তার আগে কিছুটা স্বস্তির খবর অস্ট্রেলীয়দের জন্য।

কালকের ম্যাচে না হলেও অস্ট্রেলিয়ার চতুর্থ ম্য়াচে ট্রাভিস হেডের খেলার সম্ভাবনা উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকা সফরে হাতে চোট লেগেছিল হেডের। দেশে ফিরে গিয়েছিলেন, স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছিল।
সেই চোট অবশ্য সেরেছে। নেটে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন হেড। বৃহস্পতিবার ভারতের বিমান ধরবেন। জানা গিয়েছে, গত সপ্তাহেই হেডের চোট পরীক্ষা করে দেখেছে মেডিক্যাল টিম। সবুজ সঙ্কেত মেলার পরই তিনি নেটে নেমে পড়েছেন। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইয়ে গত সেপ্টেম্বর জেরাল্ড কোয়েটজির বলে চোট লেগেছিল হেডের।
জানা যাচ্ছে, এখনও কোনও বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে হচ্ছে না হেডকে। আপাতত সামলাচ্ছেন থ্রোডাউন। যদিও পুরোদমে অনুশীলন করতে তাঁর কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। ২৫ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচ রয়েছে অজিদের। সেই ম্যাচেই হেড একাদশে থাকতে পারেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হেড বলেন, প্রত্যাশার চেয়েও দ্রুত চোট সেরেছে। অস্ত্রোপচারের পথে হাঁটলে ১০ সপ্তাহ লাগতো সেরে উঠতে। যদিও যেভাবে চিকিৎসা হয়েছে তাতে আমাকে বলা হয়েছিল ছয় সপ্তাহের মধ্যেই খেলতে পারব।
চিকিৎসকদের কথা মানলে নেদারল্যান্ডস ম্যাচ যখন হবে তখনও পুরো ছয় সপ্তাহ হবে না। তবে তার মধ্যেই হেডের ফিটনেস খেলার পক্ষে উপযুক্ত জায়গায় চলে আসবে বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। হেড নিজেও দারুণ আত্মবিশ্বাসী। দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছেন তিনি।
হেডের অনুপস্থিতি অনুভূত হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে। এমনিতেই প্রথম তিনটি ম্যাচে দল বাছতে হচ্ছে ১৪ জনের মধ্যে থেকে। দুটি ম্যাচের একটিতেও দুশো ছুঁতে পারেনি অজিরা। কোনও ব্যাটার অর্ধশতরান পাননি। অ্যাশটন অ্যাগার ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে মার্নাস লাবুশানকে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও যথেষ্ট নড়বড়ে দেখাচ্ছে অজিদের।
ট্রাভিস হেড দলে ফিরলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর জুটি বিপজ্জনক হতে পারে। ২০২২ সাল থেকে ধরলে তাঁর ওডিআই ব্যাটিং গড় ৬০.৮৪, স্ট্রাইক রেট ১১৯.৮৪। প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইএসপিএনক্রিকইনফোয় বলেছেন, হেড কত রান করলেন তা বড় নয়। তিনি প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে প্যানিক তৈরিতে পারদর্শী। তাতে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের সুবিধাই হয়।












Click it and Unblock the Notifications