ICC World Cup 2023: চাপ কাটিয়ে বিশ্বকাপে স্বস্তির জয়, নেদারল্যান্ডসকে হারিয়ে খাতা খুলল শ্রীলঙ্কা
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। আজ হারলেই তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যেত। চাপ কাটিয়ে লখনউয়ে স্বস্তির জয়ে খাতা খুলল শ্রীলঙ্কা।
চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এখনও পয়েন্ট তালিকার নবম স্থানেই রইল। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থেকে অষ্টম স্থানে ডাচরা।

শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬৩ রানের। ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দল। ওপেনার পাথুম নিসঙ্কা ৫২ বলে ৫৪ রান করেন। কুশল পেরেরা ৫ ও কুশল মেন্ডিস ১১ রান করেন। এরপর প্রথমে চরিথ আসালঙ্কা ও পরে ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে টার্গেটের দিকে দলকে নিয়ে যান সাদিরা সমরবিক্রমা।
আসালঙ্কা ৪৪ ও ডি সিলভা ৩০ রানে আউট হন। শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছাড়েন সমরবিক্রমা। সাতটি চারের সাহায্যে ১০৭ বলে ৯১ রান করে তিনিই হলেন ম্যাচের সেরা। দুশান হেমন্ত চার রানে অপরাজিত থাকেন। ১০ ওভারে ৪৪ রান দিয়ে তিন উইকেট নেন আরিয়ান দত্ত। পল ভ্যান মিকেরেন ও কলিন একারম্যান ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ২১.২ ওভারে ৯১ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল নেদারল্যান্ডসের। সেখান থেকে ডাচদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বিক। সপ্তম উইকেট জুটিতে তাঁরা ১৩০ রান যোগ করেন, যা ওডিআইয়ে নেদারল্যান্ডসের রেকর্ড।
এঙ্গেলব্রেখট ৮২ বলে ৭০ ও ভ্যান বিক ৫৯ রান করেন। দিলশান মাদুশঙ্কা ৯.৪ ওভারে ৪৯ ও কাসুন রাজিথা ৯ ওভারে ৫০ রান দিয়ে চারটি করে উইকেট দখল করেন। মাহিশ থিকশানা নেন এক উইকেট। শ্রীলঙ্কার পরবর্তী ম্য়াচ বেঙ্গালুরুতে আগামী বৃহস্পতিবার। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে খেলবে নেদারল্যান্ডস।












Click it and Unblock the Notifications