ICC World Cup 2023: বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারে কোন চার দল? জন্মদিনে বেছে নিলেন সৌরভ
ঢাকে কাঠি পড়ে গিয়েছে একদিনের বিশ্বকাপের। সূচি ঘোষণার পর থেকেই কাউন ডাউন শুরু হয়ে গিয়েছে আইসিসির মেগা ইভেন্টের। সাধারণ ক্রীড়াপ্রেমীদের মতোই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এক দশকের বেশি সময় আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। ১২ বছর পর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। বিরাট রোহিতদের নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। যদিও চাপ সামাল দিতে ভারতীয় ক্রিকেটারদের কোনও অসুবিধা হবে না বলেই মনে করেন সৌরভ।

একটি ইংরেজী সংবাদ মাধ্যমকে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, 'ভারতীয় ক্রিকেটাররা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। তারা কঠিন সময়ে এর আগেও পারফরম্যান্স করেছেন। ফলে ঘরের মাঠে কীভাবে চাপ সামলে খেলতে হবে সেটা ক্রিকেটারদের জানা আছে। আশা করছি তাদের কোনও অসুবিধা হবে না।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'চাপ সব সময়ই থাকবে। এর আগের বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচটি শতরান করেছেন। আমি মনে করি এটা কোনও সমস্যা নয়। ক্রিকেটার থাকাকালীন রাহুল দ্রাবিড় বার বার কঠিন সময়গুলিতে পারফরম্যান্স করতেন। এবার কোচ থাকায় একই বিষয় গুলি ক্রিকেটারদের শেখাতে পারবে। আমি মনে করি চাপ কোনও ইস্যু নয়।'

কোন চারটি দল জায়গা করে নিতে পারে বিশ্বকাপে। জন্মদিনেই দাদা বেছে নিলেন বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টকে। সৌরভ বলেন, 'এটা বলা অত্যন্ত কঠিন। তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, এই তিন দলের সব থেকে বেশি সম্ভবনা। অবশ্যই নিউজিল্যান্ডকে তালিকার বাইরে ৱাখা যায় না। আর পাঁচটি দল বেছে নিতে বলা হলে আমি পাকিস্তানকে রাখব।' ইডেনে ভারত পাক সেমিফাইনাল দেখতে চান দাদা।
এরআগে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নেন সৌরভের সতীর্থ শেহওয়াগ। সূচি ঘোষণার দিন শেহওয়াগ উত্তর দেন, 'আমার মতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এই চার দল সেমিফাইনাল খেলতে পারে।' পাশাপাশি শেহওয়াগ যোগ করেন, 'ভারতের মাটিতে খেলা হওয়ায় উপমহাদেশের দলগুলিও সুবিধা পাবে, কারণ তাদের চেনা পরিবেশে খেলতে হবে।'

অন্যদিকে ভারতকেই ফেভারিট মানছেন মুরলীধরন। তবে ভারত পাক ম্যাচ নয় শ্রীলঙ্কান প্রাক্তনীর পাখির চোখ আবার ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিকে। মুরলীর কথায়, 'আমার মতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচই হবে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ।' একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ভারতের মতোই ইংল্যান্ড ও অজিরাও কাপ জয়ের অন্যতম দাবিদার।












Click it and Unblock the Notifications