ICC World Cup 2023: চলতি বিশ্বকাপেই আবার ভারত-পাকিস্তান দ্বৈরথ? সম্ভাবনা দেখেই নজর সমীকরণে
ICC World Cup 2023: ইয়ে দিল মাঙ্গে মোর। একটি জনপ্রিয় নরম পানীয় প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের এটিই ছিল ক্যাচলাইন। সেটাই গেঁথে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। ব্যতিক্রম নয় চলতি বিশ্বকাপও।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকালই পাকিস্তানকে চূর্ণ করেছে ভারত। বিশ্বকাপের আসরে টানা অষ্টমবার। কিন্তু ওই যে শুরুর কথাটা। ইয়ে দিল মাঙ্গে মোর! তাই ক্রিকেটপ্রেমীরা হিসেবনিকেশে ব্যস্ত ফের ভারত-পাক দ্বৈরথের।

বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি দর্শক হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচেই। ভিউয়ারশিপেও তৈরি হয়েছে নয়া নজির। বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই তামাম ক্রিকেটবিশ্বের নজরে ছিল ১৪ অক্টোবর। যদিও ভারত-পাকিস্তান মহারণ গতকাল হয়ে দাঁড়িয়েছিল একপেশে। এত সহজে যে জয় আসবে সেটা প্রত্যাশিতই ছিল না।
চলতি বিশ্বকাপেই ফের ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী থাকতে পারেন ক্রিকেটপ্রেমীরা। সেটা হতে পারে সেমিফাইনাল বা ফাইনালে। ভারতের কাছে হারলেও এখনও পাকিস্তানের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তা বন্ধ হয়নি। লম্বা টুর্নামেন্ট। এখনও অনেক ম্যাচ বাকি। ভারতের কাছে হারের ধাক্কা কাটিয়ে কতটা তাড়াতাড়ি বাবর আজমরা ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই বড় কথা।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলি খেলবে সেমিফাইনালে। প্রথম স্থানাধিকারী দল প্রথম সেমিফাইনাল খেলবে চতুর্থ স্থানাধিকারীর বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনাল হবে দুই বনাম তিনের লড়াই।

তবে যদি দেখা যায় ভারত ও পাকিস্তান এক ও চার নম্বরে রয়েছে, অর্থাৎ প্রথম সেমিফাইনালে যদি ভারত-পাকিস্তান দ্বৈরথ হয় তাহলে সেটি মুম্বইয়ে নয়, চলে আসবে ইডেনে। সেক্ষেত্রে দুই বনাম তিনের লড়াই হবে ওয়াংখেড়েতে। আর যদি ভারত-পাকিস্তান সেমিফাইনাল দুই বনাম তিনের দ্বৈরথ হয়, তাহলে তা হবে ক্রিকেটের নন্দনকাননেই।
এমন পরিস্থিতিও হতে পারে যে, ভারত একটা সেমিফাইনাল খেলল, পাকিস্তান একটি সেমিফাইনাল খেলল। সেমিফাইনালে পাকিস্তানের বদলে অন্য যে কোনও দলের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের ম্যাচ পড়লে তা হবে মুম্বইয়ে। পাকিস্তান খেলবে কলকাতায়।
২০১১ সালে মোহালিতে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েছিল ভারত। এবার পাকিস্তানের কাছে বদলা নেওয়ার সুযোগ থাকবে। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইবেন, পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠতে। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ ছাড়া বিশ্বকাপের ফাইনালে ভারত-পাক ফাইনাল হয়নি।
যদি চলতি বিশ্বকাপে ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়, তাহলে তা হবে এই প্রথমবার। বিশ্বকাপ ফাইনাল হবে আমেদাবাদেরই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেক্ষেত্রে পাকিস্তানকে হারিয়ে কাপ জেতার তৃপ্তিই বেড়ে যাবে কয়েক গুণ।












Click it and Unblock the Notifications