ICC CWC 2023: বিশ্বকাপে লজ্জার রেকর্ড নেদারল্যান্ডসের বোলারের! কোন ৫ ক্রিকেটার বল হাতে খরচ করেছেন শতাধিক রান?
ICC CWC 2023: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানটি করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে শতরান পূর্ণ করে। আর সেই দাপটে লজ্জার বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন নেদারল্যান্ডসের বাস ডি লিড (Bas de Leede)।
শেষ ১০ ওভারে আজ অস্ট্রেলিয়া তুলেছে ১৩১ রান, তিন উইকেট খুইয়ে। যার ফলে অজিদের স্কোর পৌঁছে যায় ৮ উইকেটে ৩৯৯ রানে।

৩৯তম ওভারের পর বাস ডি লিডের বোলিং ফিগার ছিল ৬ ওভারে ৫১ রান দিয়ে ২ উইকেট। ৪১তম ওভারে দেন ১৪ রান, ৪৫তম ওভারে ৭ রান খরচ করেন। সেই সময় অবধি ৮ ওভারে ৭২ রান দিয়ে তাঁর নামের পাশে ২ উইকেট। ৪৭তম ওভারে তিনি খরচ করেন ১৫ রান। ৪৯তম ওভারে ২৮ রান।
৪৯তম ওভারের প্রথম দুই বলে দুটি চার মারেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের দুটি বলে দুটি ছক্কা। পঞ্চম বলটি নো বল হয়, এতেও ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল। ফলে পঞ্চম বলটি ফ্রি হিট হয়, যাতে ১ রান নেন ম্যাক্সওয়েল। শেষ বলে কামিন্স কোনও রান নিতে পারেননি। এই ওভারের শেষে বাস ডি লিডের বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভার ১১৫ রানের বিনিময়ে ২ উইকেট।

বাস ডি লিড পঞ্চম বোলার হিসেবে বিশ্বকাপের কোনও ম্যাচে শতাধিক রান খরচের লজ্জার নজির গড়লেন। তিনি লজ্জার রেকর্ডটি ছিনিয়ে নিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খানের হাত থেকে। ২০১৯ সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে রশিদ খান ৯ ওভার হাত ঘুরিয়ে ১১০ রান খরচ করেছিলেন, তিনিও পান ২ উইকেট। ইকনমি ছিল ১২.২২।
ইকনমি রেটের নিরিখে অবশ্য রশিদের চেয়ে পিছিয়ে রইলেন ডি লিড। তিনি ১০ ওভারে ১১৫ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে পুরেছেন, ইকনমি রেট ১১.৫০। বিশ্বকাপে প্রথম কোনও বোলার শতাধিক রান খরচ করেছিলেন ১৯৮৩ সালে। ওভালে নিউজিল্যান্ডের মার্টিন স্নেডেন ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি মেডেন-সহ ১২ ওভারে ১০৫ রান দিয়ে ২ উইকেট নেন, ইকনমি ৮.৭৫।
২০১৫ সালের বিশ্বকাপে দুই বোলার শতাধিক রান খরচ করেছিলেন। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ২টি মেডেন-সহ ১০ ওভারে ১০৪ রান দিয়ে ১ উইকেট নেন, ইকনমি ১০.৪০। ওই বিশ্বকাপেই পারথে আফগানিস্তানের দৌলত জাদরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১টি মেডেন-সহ ১০ ওভারে ১০১ রান খরচ করে পান ২ উইকেট।












Click it and Unblock the Notifications