ICC World Cup 2023: ম্যাচের থেকেও অন্য বিষয়ে চাপে বাবর, পরিসংখ্যানে পিছিয়ে থাকা নিয়েও দিলেন বড় বয়ান
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুধু আইসিসি বিশ্বকাপের বহু প্রতীক্ষিত মহারণ। যে ম্যাচ ঘিরে বিগত কয়েক মাস ধরেই চড়েছে উত্তেজনার পারদ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। আহমেদাবাদ জুড়ে টিকিটের হাহাকার। গুজরাত ক্রিকেট প্রশাসনের কর্তা থেকে বিসিসিআইয়ের আধিকারিক প্রত্যেকের কাছে এসেছে টিকিটের আবেদন। এমনকি বাদ পড়েননি বাবর আজমও।
শুনতে অবাক হচ্ছেন! ভারতে খেলতে এসে টিকিটের জ্বালায় অতিষ্ট পাকিস্তান অধিনায়ক। ম্যাচের থেকে টিকিটের চাপই তাঁর কাছে বেশি অনুভূত হচ্ছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বাবর আজম বলেন, 'ম্যাচের থেকেও টিকিট নিয়ে আমরা বেশি চাপে আছি।'বিশ্বকাপ শুরুর আগে নিজের সোশ্যাল সাইটে টিকিট না চাওয়ার অনুরোধ করেন বিরাট কোহলি।

এর আগে আইসিসি ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। কিন্তু মেগা ম্যাচের আগে পাক অধিনায়ক বাবর আজম কিন্তু চাপের তত্ত্ব মানতে নারাজ। তিনি সোজা হাতেই ব্যাট চালালেন।
মেগাম্যাচের এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনেই বাবর সাফ জানিয়ে দেন, কোনও বিতর্কিত প্রশ্নের জবাব দেবেন না তিনি। পাক অধিনায়কের সাফ বক্তব্য, 'অতীতে কী হয়েছে সেটা ভেবে লাভ নেই। আমরা বর্তমানে আছি, সেটা নিয়েই ভাবতে চাই। আমি মনে করি আমরা ভালো খেলতে পারি।'

আইসিসি বিশ্বকাপে শনিবারের মেগা ম্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে বাবর বলেন, 'এই ম্যাচে আমাদের উপর কোনও চাপই নেই। এরআগে এই দুই দল একাধিকবার একে ওপরের মুখোমুখি হয়েছে। এরআগে হায়দরাবাদেও আমরা দারুণ সমর্থন পেয়েছি। আশা করছি এখানেও একইরকম সমর্থন পাব। দুই দলেই সেরা ব্যাটসম্যান ও বোলাররা আছেন। ফলে ব্যবধান খুবই কম হতে পারে।'

এদিকে কোনও রকম বিতর্কে ম্যাচের আগে যেতে রাজী নন বাবর। সাংবাদিক সম্মেলনে গাজা নিয়ে প্রশ্ন করা হলে সাবধানী মন্তব্য করেন পাক অধিনায়ক।তাঁর কথায়, 'ক্রিকেট নিয়ে প্রশ্ন করুন, সেটাই ভালো হয়। আপনারাই কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন।' যুদ্ধবিধ্বস্ত গাজার 'ভাইবোন'দের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন মহম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত শাস্তির খাঁড়া থেকে বেঁচে যান রিজওয়ান। কারণ পাক বোর্ড বা আইসিসি কেউই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চায়নি।












Click it and Unblock the Notifications