আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত, অনবদ্য ব্যাটিং জেমাইমা-রিচার
আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। কেপ টাউনে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল।
আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপ অভিযান দুরন্ত জয় দিয়ে শুরু করল ভারত। আজ কেপ টাউনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের দল হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। জয়ের জন্য দেড়শো রানের টার্গেট তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতল ভারত। অনবদ্য ব্যাটিং জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষের।

পাকিস্তান দেড়শো রানের টার্গেট দেয় ভারতকে
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারিয়েছিল পাকিস্তানের মহিলা দল। ৪২ রানে দ্বিতীয়, ৪৩ রানে তৃতীয় ও ১২.১ ওভারে ৬৮ রানে পড়েছিল চতুর্থ উইকেট। এরপর পাকিস্তান আর কোনও উইকেট হারায়নি। অধিনায়ক বিসমা মাহরুফ সাতটি চারের সাহায্যে ৫৫ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন আয়েষা নাসিম। রাধা যাদব ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নেন। দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার একটি করে উইকেট দখল করেন।

হিসেব কষে খেলা শুরু
চোট থাকায় এই ম্যাচ খেলতে পারেননি স্মৃতি মান্ধানা। ফলে যস্তিকা ভাটিয়া ও শেফালি ভার্মা ওপেন করেন। ৫.৩ ওভারে ওপেনিং জুটিতে ওঠে ৩৮। ভাটিয়া ২০ বলে ১৭ রান করে আউট হন। ৯.১ ওভারে দলগত ৬৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শেফালি ভার্মা। তিনি চারটি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩৩ রান করেন। ১৩.৩ ওভারে আউট হন অধিনায়ক হরমনপ্রীত। ১২ বলে ১৬ রান করেন তিনি। ভারতের এই উইকেটটি পড়েছিল ৯৩ রানে। ১৪.৩ ওভারে ভারতের ১০০ রান পূর্ণ হয়েছিল।
|
জেতাল জেমাইমা-রিচা জুটি
একে ভারত-পাকিস্তান ম্য়াচ, তার উপর আস্কিং রেটের বিষয়টিও ছিল। যদিও হিসেব কষে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষ। তাঁরা দুজনেই অপরাজিত থেকে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। ভারত ১৯ ওভারে ৩ উইকেট হারিয়েই টার্গেটে পৌঁছে যায়। ৮টি চারের সাহায্যে ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন জেমাইমা। রিচা ঘোষ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২০ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন। নাশরা সান্ধু ২টি ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন জেমাইমা। তিনি বলেন, আমি আর রিচা বাংলাদেশের বিরুদ্ধেও পার্টনারশিপ গড়েছিলাম। বিশ্বাস ছিল, শেষ অবধি টিকতে পারলে ম্যাচ জেতা সম্ভব হবে। উইকেটে ব্যাটিং সহজ ছিল না। তবে পাকিস্তানের বোলারদের ভুলের অপেক্ষায় ছিলাম, সেগুলি কাজে লাগিয়েছি। দলগত সংহতিতেই জয়। অভিযান শুরু হলো সবে। পরিকল্পনামাফিক সব ঠিকঠাক থাকলে ম্যাচের ফল আমাদের পক্ষেই আসবে। এই ইনিংসটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুশি হরমনপ্রীত
টি ২০ বিশ্বকাপে এই প্রথম এত রান সফলভাবে তাড়া করে জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। মহিলা টি ২০ বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করে জেতার নিরিখে এটি রইল দ্বিতীয় স্থানে। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, পাকিস্তান ভালো ব্যাটিং করেছে। তবে দিনের শেষে আমাদের জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। জেমাইমা ও রিচা খুব ভালো ব্যাট করেছেন। দলের সকলেই ভালো খেলতে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। সকলেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। সেটাই ইতিবাচক দিক। প্রতিপক্ষ যে-ই হোক, প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচ সব সময়ই বড় ম্যাচ। বুধবার ভারতের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে নামার আগে অনুশীলনে খামতি মেটানোয় জোর দেওয়া হবে বলেও জানান হরমনপ্রীত।












Click it and Unblock the Notifications