Ind vs NZ In ICC CWC SF: বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথে এগিয়ে কারা? ব্যাটে-বলে কারা করেছেন বাজিমাত?
Ind vs NZ In ICC CWC SF: বিশ্বকাপের সেমিফাইনালে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের পর এবারের দ্বৈরথটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
৫০ ওভারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স আহামরি নয়। তবে চলতি বিশ্বকাপে কিউয়িদের ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়েছিল বিশ্বের ১ নম্বর দল ভারত।

বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের সংখ্যা ১০। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। যে ৯টি খেলা সম্পূর্ণ হয়েছে তাতে নিউজিল্যান্ডের জয় ৫টিতে, ভারতের জয় ৪টি। ১৯৭৫ সালের বিশ্বকাপে প্রথমবার এই দুই দেশের দ্বৈরথ হয়। সেবার ম্যানচেস্টারে নিউজিল্যান্ড জিতেছিল ৪ উইকেটে। ১৯৭৯ সালে লিডসে বিশ্বকাপের ম্যাচে কিউয়িদের কাছে ৮ উইকেটে হারে ভারত।
১৯৮৭ সালের বিশ্বকাপে প্রথম নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। গ্রুপ পর্বের ম্যাচে প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে জয় এসেছিল ১৬ রানে। এরপর ফিরতি সাক্ষাতে নাগপুরে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ৯ উইকেটে। ১৯৯২ সালের বিশ্বকাপে ডুনেডিনে ভারতকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ১৯৯৯ সালের বিশ্বকাপে কিউয়িদের কাছে ৫ উইকেটে হেরে যায় ভারত।
২০০৩ সালের বিশ্বকাপে সেঞ্চুরিয়নে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ৭ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ২০১৯ সালের বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর সেমিফাইনালে রিজার্ভ ডে-তে ম্যানচেস্টারে নিউজিল্যান্ড ১৮ রানে ভারতকে হারিয়ে চলে গিয়েছিল ফাইনালে।
গত ২২ অক্টোবর ধরমশালায় টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। সেই ম্যাচে কেন উইলিয়ামসন খেলতে পারেননি। কিউয়িদের নেতৃত্ব দেন টম লাথাম। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২৭৩ রান। ৯টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ১২৭ বলে ১৩০ রান করেন ড্যারিল মিচেল। বিশ্বকাপে দুই দেশের দ্বৈরথে যা ব্যক্তিগত সর্বাধিক স্কোর।
১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ শামি। শামির এই পারফরম্যান্স বিশ্বকাপে দুই দেশের দ্বৈরথে সেরা বোলিং ফিগার। ভারত ৪৮ ওভারেই জয় ছিনিয়ে নেয়। ১০৪ বলে ৯৫ রান করেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications