ICC CWC 2023 Sourav Exclusive: ভারত-পাক ম্যাচ নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী সৌরভের, রোহিতদের জন্য কোন পরামর্শ?
ICC CWC 2023 Sourav Exclusive: আমেদাবাদে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
আজ সকালে এক অনুষ্ঠানে সৌরভ বললেন, দুটোই ভালো দল। ব্যাটে-বলে উপভোগ্য লড়াই হবে। যারা আজ জিতবে তাদেরই সেমিফাইনালে যাওয়ার পথ মসৃণ হয়ে যাবে।

সৌরভ এদিন বলেন, আমি নিরপেক্ষভাবেই বলছি, ভারতকে খুব, খুব শক্তিশালী দেখাচ্ছে। বিরাট অসাধারণ ক্রিকেট খেলছেন, তবে এখনও অবধি আমার চোখে সেরা কেএল রাহুল। অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের তিন উইকেট দ্রুত পড়ে গিয়েছিল। মিচেল মার্শ বিরাটের যে ক্যাচ ফেলেছেন তাতে এক সপ্তাহ ভালোভাবে ঘুমোতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।
লোকেশ রাহুলের খেলায় অনবদ্য নিয়ন্ত্রণই মন জিতেছে মহারাজের। ৭-৮ মাস মাঠের বাইরে থেকে চোট সারিয়ে ফিরে এসে এশিয়া কাপ থেকেই রাহুল অনবদ্য ব্যাটিং করছেন। আফগানিস্তান ম্যাচে রোহিত শর্মাও সেরা ছন্দে ছিলেন, বিশ্বকাপে সপ্তম শতরান পেয়েছেন। ঈশান কিষাণও আফগানিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছেন।

শুভমান গিল ডেঙ্গি-জয়ের পর আজকের ম্যাচে খেলতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন মহারাজ। সবমিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপকে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক দেখাচ্ছে। এখনও অবধি বিরাট কোহলির চেয়ে কিছুটা হলেও রাহুলকেই এগিয়ে রাখছেন সৌরভ।
জসপ্রীত বুমরাহর কামব্যাকে ভারতের বোলিং আক্রমণও আরও ক্ষুরধার হয়েছে বলে দাবি সৌরভের। তিনি বলেন, নতুন বলে বুমরাহ, মহম্মদ সিরাজরা প্রতিপক্ষের কাজটা কঠিন করে দিচ্ছেন। আজকের ম্যাচে ডিউ ফ্যাক্টর হবে না বলেই আশা মহারাজের। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের পরামর্শ দিলেন দাদা।
সৌরভ বলেন, আমেদাবাদে বরাবরই ভালো উইকেট হয়। আমরা যখন খেলতাম তখন ৬০ হাজার দর্শকাসন ছিল। এখন তা দ্বিগুণেরও বেশি। দুই দেশই বিভিন্ন সময় চ্যাম্পিয়ন ক্রিকেটারদের জন্ম দিয়েছে। ফলে ব্যাট-বলের উপভোগ্য লড়াই হবে। লম্বা টুর্নামেন্ট। ৯টি করে ম্যাচ খেলতে হবে। তবে আজকের ম্যাচ যারা জিতবে তারাই শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ভালো জায়গায় থাকবে।
ভারত-পাকিস্তান, ভারত-অস্ট্রেলিয়া বা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বাড়তি গুরুত্ব না দিয়ে কাপ জয়েই ফোকাস স্থির রাখার কথা বলেছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকাও ভালো খেলছে। তবে তাঁর সময় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা, টিকিটের অনুরোধ, উত্তেজনার কথা উল্লেখ করলেও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই সবচেয়ে বড় ম্যাচ ছিল বলে দাবি মহারাজের।
সৌরভ বলেন, ১৯৯৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম খেলি। কানাডায় সচিন তেন্ডুলকরের সঙ্গে ওপেন করতে নামার সময় দেখি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, আবদুর রজ্জাক রয়েছেন। একের পর এক ভালো বোলার, ফলে কাউকে হাল্কাভাবে নেওয়ার অবকাশ ছিল না।
ভারত-পাক ম্যাচের দিন ক্রিকেটারদের মনের মধ্যে কী চলে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে সৌরভের জবাব, বোলারের হাত থেকে বল আসবে। সেটা আমাকে খেলতে হবে। আমি কোনও দল, কোনও চাপ বা কোনও পরিস্থিতির বিরুদ্ধে খেলছি না। তাই এই ম্যাচকেও একটা ম্যাচ হিসেবেই দেখতাম। এর বেশি কিছু নয়।
সৌরভের কথায় উঠে এসেছে, অধিনায়ক হিসেবে প্রথমবার পাক সফরে যাওয়ার প্রসঙ্গও। তিনি আরও বলেন, এখনকার ক্রিকেটাররা মাঠের বাইরেও ভালো বন্ধু। তাঁরা জানেন, কে কতটা প্রতিভাবান। ফলে আজকের ম্যাচ ভালোই হবে বলে নিশ্চিত সৌরভ।
তাঁর সময়কার ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নিয়ে বলতে গিয়ে সৌরভের কথায় উঠে আসে ঐতিহাসিক ইডেন টেস্টের প্রসঙ্গ। সৌরভ বলেন, সেই টেস্টে হরভজন সিং ১৩ উইকেট নিয়েছিলেন। ভালো পিচ ছিল। বল খুব ঘুরছিল তা নয়। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট ফেলে দেওয়ার পর নামেন অ্যাডাম গিলক্রিস্ট। হরভজন তখন আমাকে এসে বলেছিলেন, সবাইকে আউট করলাম। এখনও গিলক্রিস্ট বাকি! এতেই বোঝা যায় কতটা শক্তিশালী ছিল অজিরা।












Click it and Unblock the Notifications