ICC CWC 2023: বাবর ব্যর্থ, ওপেনারদের অর্ধশতরানে দাপুটে জয় পাকিস্তানের! বাংলাদেশের আম-ছালা দুটোই গেল
ICC CWC 2023: চলতি বিশ্বকাপে সম্মানরক্ষার লড়াইয়ে পাকিস্তান হারিয়ে দিল বাংলাদেশকে। ইডেনে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের সামনে ২০৫ রানের টার্গেট দিয়েছিল শাকিব আল হাসানের দল।
পাকিস্তানের ওপেনিং জুটিতেই ওঠে ১২৮ রান। দুই ওপেনারের কেউ শতরানে পৌঁছতে না পারলেও দুরন্ত ইনিংস খেলে অর্ধশতরান হাঁকালেন। এই পরাজয়ের ফলে বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে গেল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের পথ।
১০৫ বল বাকি থাকতে ম্যাচ জিতেও নেট রান রেট পজিটিভে আনতে পারেনি পাকিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬, নেট রান রেট মাইনাস (-) ০.০২৪। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলের দখলেই রয়েছে ৮ পয়েন্ট করে, তাদের এখনও তিনটি করে ম্যাচ বাকি। ফলে পাকিস্তান আপাতত পয়েন্ট তালিকার পাঁচে এলেও বাকি সব দলই এখনও অবধি ৬টি করে ম্যাচ খেলেছে।
পাকিস্তান সর্বাধিক ১০ পয়েন্টে পৌঁছতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যদি তিনটি ম্যাচের দুটিতেও জয়লাভ করে তাহলে তারা পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। নিউজিল্যান্ডের নেট রান রেট ১.২৩২, অস্ট্রেলিয়ার ০.৯৭০। এই প্রথম ১০০ বা তার বেশি বল হাতে রেখে বিশ্বকাপের ম্যাচ জিতল পাকিস্তান।
ছন্দহীন ইমাম উল হকের জায়গায় দলে এসে ৭৪ বলে সর্বাধিক ৮১ রান করলেন ফখর জামান। তিনিই ম্যান অব দ্য ম্যাচ। আবদুল্লাহ শফিক ৬৯ বলে ৬৮ রান করেন। বাবর ১৬ বলে ৯ রানের বেশি করতে পারেননি। মহম্মদ রিজওয়ান ২১ বলে ২৬ ও ইফতিখার আহমেদ ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ৯ ওভারে ৬০ রান দিয়ে তিন উইকেটই নেন মেহিদি হাসান মিরাজ।
এর আগে, বাংলাদেশ ৪৫.১ ওভারে ২০৪ রান তোলে। মাহমুদুল্লাহ করেন সর্বাধিক ৫৬। লিটন দাস ৪৫ ও শাকিব ৪৩ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম তিনটি করে উইকেট নেন। হ্যারিস রউফ নেন ২ উইকেট, একটি করে উইকেট পেয়েছেন ইফতিখার আহমেদ ও উসামা মীর। ৭ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান রেট -১.৪৪৬) নিয়ে নবম স্থানে রইল বাংলাদেশ। বিশ্বকাপে আশা শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে টাইগারদের আম ও ছালা দুটোই গেল।












Click it and Unblock the Notifications