কেন বোলারদের কাছে ভীতির কারণ পন্থ, ব্যাখ্যা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য দিতে চলা কার্তিকের
কেন বোলারদের কাছে ভীতির কারণ পন্থ, ব্যাখ্যা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য দিতে চলা কার্তিকের
আগামী ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা তথা তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ হলেন দীনেশ কার্তিক। কেন পন্থকে ভয় পান বোলাররা, তাও ব্যাখ্যা করেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য দিতে চলা উইকেটরক্ষক কার্তিক।

ঋষভের প্রশংসায় পঞ্চমুখ
ঋষভ পন্থকে বিশেষ খেলোয়াড় বলে আখ্যা দিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর কথায়, হাই প্রেসার ম্যাচে ভাল ব্যাটিং করাটা অভ্যাসে পরিণত করেছে দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিশ্বকাপ হোক বা আইপিএল ফাইনাল, পন্থের পারফরম্যান্স সর্বদা উচ্চগ্রামে থাকে বলে জানিয়েছেন দীনেশ কার্তিক। পন্থের প্রতিভা সম্পর্কে বলতে গিয়ে দুই বছর আগের এক আইপিএল ম্যাচের কথা উল্লেখ করেছেন ডিকে। তাঁর দল কেকেআরের বিরুদ্ধে এলিমিনেটরে পন্থ একাই দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচ জিতিয়েছিলেন বলে জানিয়েছেন কার্তিক। নাইট ক্রিকেটারের কথায়, ঋষভের হাতে এমন সব দুর্দান্ত শট আছে, যেগুলিকে ভয় পান বোলাররা।

১০০ টেস্ট খেলবেন পন্থ
ঋষভ পন্থকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে সম্বোধন করেছেন দীনেশ কার্তিক। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দেশের হয়ে ১০০টি টেস্ট খেলবেন বলেই মনে করেন কেকেআর তারকা। ভারতীয় ক্রিকেটকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে পন্থ বিশেষ ভূমিকা পালন করবেন বলেও মনে করেন ডিকে।

ঋষভ পন্থের কেরিয়ার
ভারতের হয়ে এখনও পর্যন্ত ২০টি টেস্ট, ১৮টি ওয়ান ডে ও ৩৩টি টি২০ ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ১৩৫৮, ৫২৯ ও ৫১২ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি শতরান রয়েছে পন্থের। আইপিএলে ৭৬টি ম্যাচ খেলা পন্থ ২২৯২ রান করেছেন। এই ফর্ম্যাটে একটি শতরানও রয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ধারাভাষ্য
কিংবদন্তি সুনীল গাভাসকরের সঙ্গে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। এতে তিনি সম্মানিত হয়েছেন বলে বক্তব্য কেকেআর তারকার। এই ভূমিকাকে নিজের কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় হিসেবে দেখছেন ডিকে।












Click it and Unblock the Notifications