IPL 2021 : ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ বাতিল ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য কেন পৌষমাস?
ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ বাতিল কীভাবে আইপিএল ২০২১-কে বাড়তি অক্সিজেন জোগাবে।
পাকিস্তানে পৌঁছেও সেদেশে ক্রিকেট খেলতে রাজি হয়নি নিউজিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে ক্রিকেট সিরিজ খেলতে অস্বীকার করেছে ইংল্যান্ডও। যা হতাশ করেছে পাক ক্রিকেট বোর্ড তথা সে দেশের ক্রিকেটারদের। অন্যদিকে ওই দুই সিরিজ বাতিল আইপিএলের জন্য খুশির বার্তা বয়ে এনেছে বলা চলে। বিশেষ করে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য তো তা কার্যত পৌষমাস। কেন তা জেনে নিন।

পাকিস্তানে দুই সিরিজ বাতিল
দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য পাকিস্তানে কার্যত দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল নিউজিল্যান্ড। মঙ্গলবার থেকে ঘরের মাঠে কিউয়ি শিবিরের বিরুদ্ধে পাক দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল প্রথম ম্যাচ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দুই দলের মধ্যে পরের দুটি ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা ছিল। এই সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেও যান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। পরে তাঁরা না খেলার সিদ্ধান্ত নিলে সিরিজ বাতিল হয়ে যায়। অন্যদিকে অক্টোবরে পাক সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। ১৩ অক্টোবর থেকে দুই দলের মধ্যে টি২০ সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে দল না পাঠানোর কথা জানিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।

সুবিধা পেল আইপিএল
পাকিস্তানের মাটিতে দুই দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ার সুবিধা পেল আইপিএল। করোনা ভাইরাসের জেরে থমকে থাকা টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব গত রবিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডে দ্বিতীয় সারির দল পাঠানোয় কেন উইলিয়ামসন, লোকি ফার্গুসনের মতো সেরা কিউয়ি ক্রিকেটাররা এমনিতেই আইপিএলে অংশ নিতেন। কিন্তু সমস্যা হতো ইংল্যান্ড ক্রিকেটারদের নিয়ে। কারণ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ হলে চলতি আইপিএলের নক আউট পর্বে ব্রিটিশ ক্রিকেটারদের পেত না ফ্র্যাঞ্চাইজিগুলি। সেদিক থেকে দেখলে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার সিরিজ বাতিল হওয়াটা আইপিএলের জন্য বাড়তি অক্সিজেন।

কোন কোন ফ্র্যাঞ্চাইজি লাভবান
পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবচেয়ে বেশি ক্ষতি হত চেন্নাই সুপার কিংসের। দলের প্রধান দুই স্তম্ভ মইন আলি ও স্যাম কারানকে আইপিএলের নক আউটে পেত না এমএস ধোনির দল। প্লে-অফে পৌঁছলে অধিনায়ক ইয়ন মর্গ্যানকেই পেত না কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের টম কারান, স্যাম বিলিংসকেও অনুপস্থিত থাকতে হত চলতি আইপিএলের চূড়ান্ত পর্বে। ক্রিস জর্ডন ও আদিল রশিদকে পেত না পাঞ্জাব কিংস। প্লে-অফে পৌঁছলে জেসন রয় থাকতে পারতেন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির থেকে সরে যেতে হত জর্জ গার্টনকে।

খেলছেন না যারা
করোনা ভাইরাসের আতঙ্কে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডের টেস্ট ভারতীয় ক্রিকেট দল না খেলার সিদ্ধান্ত নিলে আইপিএলে খেলতে অস্বীকার করে দেন জনি বেয়ারস্টো, জস বাটলার ও ডেভিড মালানের মতো ইংল্যান্ড ক্রিকেট দলের তারকারা। আগামী অক্টোবরে পাকিস্তানে ক্রিকেট সিরিজ খেলতে যাওয়ার কথা এই তিন রথীরও। সিরিজ বাতিল হলেও যে তাঁরা সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে যাবেন না, তা নিশ্চিত।












Click it and Unblock the Notifications