WPL 2023: ব্যাটে-বলে অনবদ্য হেইলি! মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও শোচনীয় পরাজয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের
মহিলাদের প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় মুম্বই ইন্ডিয়ান্সের। আরসিবি হারল দুটি ম্যাচে। হেইলি ম্যাথিউজের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে মুম্বইয়ের জয় ৯ উইকেটে।
মহিলাদের প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্য়াচে গুজরাত জায়ান্টসকে হারানোর পর আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তারা হারাল স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে। ৩৪ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ের কারিগর ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউজ।

আরসিবি ১৫৫, রিচার সর্বাধিক রান
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে পুরো ২০ ওভার খেলতে পারেনি স্মৃতি মান্ধানার দল। শুরুটা খারাপ হয়নি। পঞ্চম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ৩৯ রানে পড়েছিল ২টি উইকেট। ষষ্ঠ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ৪৩ রানে পড়ে আরও দুটি উইকেট। ৮.১ ওভারে ৭১ রানে পড়েছিল পঞ্চম উইকেট। সেখান থেকে ১৮.৪ ওভারে ১৫৫ রানে অল আউট হয়ে যায় আরসিবি। তিনটি চার ও ১টি ছয়ের সাহায্যে রিচা ঘোষ ২৬ বলে সর্বাধিক ২৮ রান করেন। মান্ধানা ১৭ বলে ২৩, সোফি ডিভাইন ১১ বলে ১৬, এলিস পেরি ৭ বলে ১৩, কণিকা আহুজা ১২ বলে ২২, শ্রেয়াঙ্কা পাতিল ১৫ বলে ২৩ ও মেগান শুট ১৪ বলে ২০ রান করেন।

বল হাতে হেইলির দাপট
মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম বোলার হেইলি ম্যাথিউজ। তিনি ৪ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। কলকাতার পার্ক সার্কাসের মেয়ে সাইকা ইশাক ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। অ্যামেলিয়া কের ৩.৪ ওভারে ৩০ রানের বিনিময়ে দুটি উইকেট সংগ্রহ করেন। ন্যাট সিভার-ব্রান্ট ও পূজা বস্ত্রকার একটি করে উইকেট পেয়েছেন।

ম্যাথিউজ-ব্রান্টের দুরন্ত অবিচ্ছেদ্য পার্টনারশিপ
জবাবে খেলতে নেমে ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ১৯ বলে ২৩ রান করে প্রীতি বোসের বলে আউট হন যস্তিকা ভাটিয়া। পঞ্চম ওভারের শেষ বলে ৪৫ রানে প্রথম উইকেটটি পড়ার পর আর কোনও উইকেট না খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হরমনপ্রীত কৌরের দল। ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন ম্যাথিউজ। ২৬ বলে তিনি অর্ধশতরান পূর্ণ করেন। ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ন্যাট সিভার-ব্রান্ট ২৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও একটি ছয় মেরেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা শতরানের পার্টনারশিপ গড়েন মাত্র ৪৮ বল খেলে। ম্যাচের সেরা হেইলি ম্যাথিউজ।

শীর্ষে মুম্বই
এই জয়ের সৌজন্যে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেট ৫.১৮৫। আরসিবির নেট রান রেট মাইনাস (-) ৩.১৭৬। গুজরাত জায়ান্টসের উপরে চতুর্থ স্থানে রয়েছেন স্মৃতিরা। এই দুই দলই দুটি করে ম্যাচ খেলে দুটিতেই পরাজয়ের সম্মুখীন হয়েছে। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন স্মৃতি। ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে পরের ম্য়াচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন স্মৃতি। কাল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলবে ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications