মহিলাদের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে আচমকাই অনিশ্চিত হরমনপ্রীত, ছিটকে গেলেন পূজা, কারণটা কী?
মহিলাদের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে আজ ভারতের সামনে অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে এই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকার।
মহিলাদের টি ২০ বিশ্বকাপে আর কয়েক ঘণ্টা পরেই ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল। যদিও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়িয়ে মেগ ল্যানিংয়ের দলের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে ছিটকে গেলেন পূজা বস্ত্রকার। হরমনপ্রীত খেলতে না পারলে ভারতকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।

হরমনপ্রীত অনিশ্চিত, ছিটকে গেলেন পূজা
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কেপ টাউনে মহিলা টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। তার আগেই বড় ধাক্কা খেল ভারত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হরমনপ্রীত ও পূজা অসুস্থ হয়ে পড়ায় গতকাল তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক ঘণ্টা পর, স্থানীয় সময় বিকেলের দিকে তাঁদের হাসপাতাল থেকে ছাড়াও হয়। হরমনপ্রীত আজকের সেমিফাইনালে অনিশ্চিত বলে জানা যাচ্ছে। তবে পূজা বস্ত্রকার খেলতেই পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে স্নেহ রানাকে।

অসুস্থতাজনিত সমস্যা
আগের ম্যাচে বাঁহাতি স্পিনার রাধা যাদব খেলতে পারেননি। তিনিও অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছিল। ভারতের প্রথম একাদশে আসেন দেবিকা বৈদ্য। এরপর যদি হরমনপ্রীত ও পূজা ছিটকে যান তাহলে তা ভারতের অস্বস্তি বাড়াবে। হরমনপ্রীতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে সেমিফাইনালে নেতৃত্ব দিতে পারেন স্মৃতি মান্ধানা। আয়ারল্যান্ড ম্যাচে তিনি ম্যাচ-জেতানো ইনিংস খেলে ছন্দেও ফিরেছেন। হরমনপ্রীতের পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন হারলীন দেওল। হরমনপ্রীত চলতি টি ২০ বিশ্বকাপে চেনা ছন্দেও নেই। ৪ ম্যাচে ৬৬ রান করেছেন। কিন্তু বড় ম্যাচে অনেকবারই তিনি জ্বলে উঠেছেন ব্যাট হাতে।

বদলাবে কম্বিনেশন
পূজা বস্ত্রকার এবারের বিশ্বকাপে ২টি উইকেট পেয়েছেন। রেণুকা সিংয়ের সঙ্গে নতুন বলে তিনি দলকে ভরসা দিয়ে থাকেন। ভারত তিন পেসার ও তিন স্পিনার কম্বিনেশনেই বেশিরভাগ ক্ষেত্রে খেলে থাকে। কিন্তু রাধার পর বস্ত্রকারও যদি আজকের সেমিফাইনালে খেলতে না পারেন তাহলে ভারতের কম্বিনেশনও বদলাবে। দেবিকা বৈদ্য আগের ম্যাচে খেলেছেন। আজও জায়গা ধরে রাখবেন যদি না রাধা খেলার মতো অবস্থায় থাকেন। মিডিয়াম পেসার অঞ্জলী সর্বাণীকেও আনা হতে পারে প্রথম একাদশে। ব্যাটিং গভীরতা বাড়াতে যস্তিকা ভাটিয়াকেও দলে আনা হতে পারে।

পরিসংখ্যানেও এগিয়ে অস্ট্রেলিয়াই
৩০টি টি ২০ আন্তর্জাতিকে ভারতের মহিলা দলকে ২২টিতে হারিয়েছে অস্ট্রেলিয়া, ভারতের জয় সাতটিতে। ফলাফল নির্ধারিত হয়নি একটি ম্যাচে। শেষ পাঁচটি সাক্ষাতে অস্ট্রেলিয়া জিতেছে চারটিতে, ভারত একটিতে। অস্ট্রেলিয়া টি ২০ বিশ্বকাপে পাঁচটি সাক্ষাতে হারিয়েছে তিনবার। গত কমনওয়েলথ গেমস ফাইনালে অজিদের বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারেনি ভারত। দুই দলের শেষ সিরিজ হয়েছিল ভারতে। তাতে অবশ্য অজিদের হারায় ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত, মান্ধানারা বিগত কয়েক বছরে অজিদের হারিয়েছেন। তবে আজ ভারত পূর্ণশক্তির দল নামাতে না পারলে তা চিন্তার বিষয় হয়েই থাকবে। অস্ট্রেলিয়া এই বিশ্বকাপ খেলছে টানা তিনবার খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে।












Click it and Unblock the Notifications