Emerging Asia Cup: ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পর্যুদস্ত ভারতীয় এ দল, তাহিরের শতরান খেতাব জেতাল পাকিস্তানকে
Emerging Asia Cup: ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্য়াচে পাকিস্তান-সহ সব দলকেই হারিয়েছিল যশ ঢুলের নেতৃত্বাধীন ভারতীয় এ দল। সেমিফাইনালে হারায় বাংলাদেশের এ দলকে। যদিও শেষরক্ষা হলো না।
বিভিন্ন দেশের 'এ' দলকে নিয়ে আয়োজিত ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতকে পর্যুদস্ত করল পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেতাব জিতল ঢুলদের ১২৮ রানে হারিয়ে।

টস জিতে ভারত রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। ২৮.৪ ওভারে ১৮৭ রানে প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নিলেও শেষ অবধি মহম্মদ হ্যারিসের নেতৃত্বাধীন পাকিস্তান এ তোলে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২। ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭১ বলে ১০৮ রান করেন তৈয়ব তাহির। ওপেনার সাইম আয়ুব ৫৯, সাহিবজাদা ফারহান ৬৫, ওমের ইউসুফ ও মুবাসির খান দুজনেই করেন ৩৫।

ভারতের বোলারদের মধ্যে রাজবর্ধন হাঙ্গরগেকর ও রিয়ান পরাগ ২টি করে উইকেট নেন। মানব সুথার, হর্ষিত রানা, নিশান্ত সিন্ধু নেন ১টি করে উইকেট। জবাবে ভারতীয় এ দলের শুরুটা খারাপ না হলেও ৪০ ওভারে ২২৪ রানেই গুটিয়ে যায় যশ ঢুলের দল। ওপেনার অভিষেক শর্মা করেন ৬১ রান। এ ছাড়া যশের ৩৯ ও সাই সুদর্শনের ২৯ রান ছাড়া বাকিরা বলার মতো রান পাননি।

সুদর্শন ফেরার পর ক্রমাগত উইকেট পড়তে থাকে। যশ ও অভিষেক কিছুটা চেষ্টা চালান। কিন্তু পাক স্পিনাররা ভারতের মিডল ও লোয়ার অর্ডারে ধস নামান। সুফিয়ান মুকিম তিনটি এবং আরশাদ ইকবাল, মেহরান মুমতাজ ও মহম্মদ ওয়াসিম দুটি করে উইকেট পেয়েছেন। মুবাসির খান নেন ১টি উইকেট।
পরপর দুবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং কাপ জিতল পাকিস্তান। তাহির হয়েছেন ম্য়াচের সেরা। টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেন ভারতীয় এ দলের নিশান্ত সিন্ধু।
(ছবি- পিটিআই)












Click it and Unblock the Notifications