ধোনির সঙ্গে স্ট্যালিন ও শ্রীনি! চিপক নতুনভাবে সেজে উঠল ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ও আইপিএলের আগে
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একইমঞ্চে দেখা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনকে। উপস্থিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তারকাখচিত অনুষ্ঠানে নবরূপে সজ্জিত হয়ে আত্মপ্রকাশ করল এম এ চিদাম্বরম স্টেডিয়াম। চিপকে নতুন স্ট্যান্ড উদ্বোধন হলো আজ। যা প্রয়াত মুখ্যমন্ত্রী এম করুণানিধির নামাঙ্কিত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাইনার করুণানিধি স্ট্যান্ডের। ধোনি, শ্রীনি ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেন তামিলনাড়ু ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার ডোয়েইন ব্র্যাভো, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান সভাপতি যথাক্রমে রূপা গুরুনাথ ও পি অশোক সিঘামানি, প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।

নতুন যে স্ট্যান্ডটি করা হলো প্যাভিলিয়ন প্রান্তে। বুধবার ২২ মার্চ এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের আন্তর্জাতিক। তারপর বসবে আইপিএলের আসর। তার আগে সংস্কারের মাধ্যমে নবরূপে সেজে উঠল চিপক। ড্রেসিংরুম আরও বড় করা হয়েছে, জিমন্যাসিয়াম এবং ইন্ডোর নেটের বন্দোবস্তও করা হয়েছে স্টেডিয়ামের ফার্স্ট ফ্লোরে। দর্শকরা যাতে আরও বেশি সংখ্যায় মাঠে হাজির থেকে ভালোভাবে খেলা দেখতে পারেন সে কথা মাথায় রেখে দর্শকাসনের সংস্কার করা হয়েছে।
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি রূপা গুরুনাথ এখন রয়েছেন ইনফ্রাস্ট্রাকচার কমিটির চেয়ারপার্সন পদে। এই সংস্কার কাজ হয়েছে তাঁরই তত্ত্বাবধানে। স্টেডিয়ামের ইতিহাস তুলে ধরা হয়েছে একটি মিউজিয়ামের মাধ্যমে। সেটিও সংস্কারকাজের মাধ্যমেই তৈরি করা হলো। এই মাঠে যে স্মরণীয় ম্যাচগুলি হয়েছে তা তুলে ধরা হয়েছে শৈল্পিক সৃষ্টি এবং দেওয়ালে ম্যুরালের মাধ্যমে। ১৯৮৬ সালে এখানে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট টাই হয়েছিল। সেটিও তুলে ধরা হয়েছে শিল্পকর্মের মাধ্যমে।
চেন্নাই সুপার কিংসের শিবির চলছে স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। ২০১৯ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ পাচ্ছে চেন্নাই সুপার কিংস। চিপকে প্রথম খেলা ৩ এপ্রিল, চেন্নাই সুপার কিংস খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এদিকে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম ধার্য হয়েছে ১২০০ টাকা। সি, ডি ও ই-র লোয়ার স্ট্যান্ডের টিকিট বিক্রি শুরু কাল থেকে।












Click it and Unblock the Notifications