CT 2025, IND vs PAK: বড় মঞ্চে বিরাট শতরান, কোহলির ৫১তম ওডিআই সেঞ্চুরি, পাকিস্তানের বিরুদ্ধে ৪র্থ
CT 2025, IND vs PAK: ওস্তাদের মার! বড় মঞ্চেই বিরাট শতরান হাঁকালেন কোহলি। তাঁর দাপুটে, দায়িত্বশীল ব্যাটিংই মসৃণ করে দিল ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮২তম শতরান পেলেন। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক শতরানের নিজের রেকর্ডকেও উন্নত করলেন ৫১তম ওডিআই সেঞ্চুরির মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওডিআই শতরান।

বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১৭তম ওডিআই খেলতে নেমেছিলেন আজ। পাকিস্তানের বিরুদ্ধে এটি তাঁর চতুর্থ শতরান। ২০২৩ সালে কলম্বোয় এশিয়া কাপের ম্যাচে বিরাট করেছিলেন ৯৪ বলে অপরাজিত ১২২।
এর আগে, ২০১২ সালে মীরপুরে এশিয়া কাপের ম্যাচে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই শতরান করেছিলেন কোহলি। সেই ম্যাচে তিনি খেলেছিলেন ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস, যা তাঁর ওডিআই কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক স্কোর।
২০১৫ সালে অ্য়াডিলেডে বিশ্বকাপের ম্যাচে কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১২৬ বলে ১০৭ রান করেছিলেন। ২০১৭ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বার্মিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ৬৮ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন। ফাইনালে করেন ৫।
২০১৯ সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যাট থেকে এসেছিল ৬৫ বলে ৭৭ রানের ইনিংস। ফলে ২ বছর পর বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই শতরান পেলেন।
বিরাট একদিনের আন্তর্জাতিকে আজকের আগে শেষবার শতরানটি করেছিলেন মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৩ বলে ১১৭ রান করেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৫০তম ওডিআই শতরান হাঁকান কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১০০টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। বিরাট এদিন পেলেন ৮২তম আন্তর্জাতিক শতরান। একদিনের আন্তর্জাতিকে কোহলির সবচেয়ে বেশি ১০টি শতরান আছে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ৫টি করে, ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ১টি ওডিআই শতরান আছে বিরাটের। পারথ টেস্টে শতরানের পর থেকে বিরাটকে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না। এদিনের শতরান নিশ্চিতভাবেই স্বস্তি দিল ক্রিকেটপ্রেমীদের।
আজ বিরাট কোহলি যখন ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ৩১। এরপর শুভমান গিলের সঙ্গে ৬৯ রানের পার্টনারশিপ। ১৭.৩ ওভারে শুভমান গিল আউট হন। তারপর ১১৪ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইয়ারকে নিয়ে।
বিরাট কোহলি এদিন অর্ধশতরানে পৌঁছন ৬২ বল খেলে, চারটি চারের সাহায্যে। ১১১ বলের মাথায় এদিন চার মেরে ভারতকে জিতিয়ে শতরানে পৌঁছন বিরাট। মাঠ ছাড়লেন অপরাজিত থেকে, দলকে জিতিয়ে। বিরাট অপরাজিত থাকলেন ১১১ বলে ১০০ রানে। মেরেছেন সাতটি চার।












Click it and Unblock the Notifications