IPL 2021: এ কোন ধোনি? মন্থরতম ইনিংস ক্যাপ্টেন কুলের, তবে ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন সিএসকে কোচ ফ্লেমিং
২০২০ সালের ২০২১। দিল্লি ক্যাপিটালসের কাছে লিগ পর্যায়ের দুটি সাক্ষাতেই হারতে হয়েছে চেন্নাই সুপার কিংস। এবার তো ফিরতি সাক্ষাতেও পন্থদের কাছে হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান খোয়াতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। ক্যাপ্টেন কুল এই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন শেষ ৫ ওভারে দলের মন্থর ব্যাটিং। তবে তার সঙ্গেই প্রশ্নের মুখে পড়েছে অধিনায়কের নিজের মন্থরতম আইপিএল ইনিংস!

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চলতি আইপিএলে দুবারই আবেশ খানের শিকার হলেন মাহি। গতকাল দুবাইয়ে ধোনি করেন ২৭ বলে মাত্র ১৮। একটি চার বা ছয়ও মারতে পারেননি। গত ১২ বছরে এই প্রথম ধোনি কোনও ম্যাচে আউট হলেন কোনও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি না হাঁকিয়েই। ২০০৯ সালে জোহানেসবার্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৮ বলে ৩০ রান করেছিলেন সিএসকে অধিনায়ক, সেই ইনিংসেও ছিল না কোনও চার বা ছয়। ফের এবার ঘটল একই ঘটনা। তবে এবার রানের চেয়ে বলের সংখ্যা বেশি। আইপিএলে ২৫টি বল খেলেছেন এমন ইনিংস ধরলে ধোনির গতকালের ইনিংসটা মন্থরতম। স্ট্রাইক রেট ৬৬.৬। ২৭টির মধ্যে ১০টিই আবার ডট বল।

ধোনি নবম ওভারে ছয়ে ব্যাট করতে নামার পর চেন্নাই সুপার কিংসের রান রেটও পড়তে থাকে। রবীন্দ্র জাদেজাকে না পাঠিয়ে কেন তিনিই ব্যাট করতে নামলেন ওই পজিশনে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। চেন্নাই ভক্তদের হতাশ করেছে ধোনির এই নিষ্প্রভ ফর্ম। অথছ পাওয়ারপ্লে-র শেষেও ৬ ওভারে সিএসকে-র রান ছিল ২ উইকেটে ৪৮। সেখান থেকে দেড়শোর অনেক আগেই থমকে গিয়েছে সিএসকে। তবে ধোনির পাশেই দাঁড়িয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং।

ফ্লেমিং বলেছেন, ধোনি একাই শুধু ওই পিচে ব্যাট করতে সমস্যায় পড়েননি। স্ট্রোকপ্লের জন্য এই দিনটি কঠিনই ছিল। বড় শট খেলে বেশি রান তোলার মতো উইকেট এটি ছিল না। দুই দলকেই ব্যাট করতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে আর ১০-১৫ রান হলে জেতা যে সহজ হতো তেমনটাই দাবি ফ্লেমিংয়ের। শিমরন হেটমায়ারের সহজ ক্যাচ পরিবর্ত ফিল্ডার কৃষ্ণাপ্পা গৌতম যদি না ফেলতেন তাহলেও সিএসকের কাজ সহজ হয়ে যেত বলে গোটা দলই মনে করছে। পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ খেলতে হয়েছে, এক শহর থেকে অন্যত্র যেতে হয়েছে তার মধ্যে। তাই ভুলত্রুটি নিয়ে খুব একটা উদ্বিগ্ন না হলেও ভুলত্রুটি বা খামতি মিটিয়ে লিগ পর্যায়ের শেষ ম্যাচে সিএসকে যে জয়ের জন্যই ঝাঁপাবে তা পরিষ্কার করে দিয়েছেন ফ্লেমিং। দলের বোলিং, বিশেষ করে ডেথ ওভারের বোলিং নিয়ে তিনি সন্তুষ্ট।












Click it and Unblock the Notifications