Cricket In Asian Games: অলিম্পিকে ফেরার আগে এশিয়ান গেমসে ক্রিকেটে কোপ! জাপানে হচ্ছেটা কী?
Cricket In Asian Games: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে থাকবে ক্রিকেট। যদিও তার আগে এশিয়ান গেমসে কোপ পড়তে পারে ক্রিকেটের উপর।
২০২৬ সালে এশিয়ান গেমসের আসর বসতে চলেছে জাপানে। আয়োজকদের পরিকল্পনায় এখনও ক্রিকেট নেই। পরিস্থিতি কী বদলাবে? চলছে চর্চা।

সম্প্রতি রয়টার্সের রিপোর্টে প্রকাশ, এশিয়ান গেমসে ক্রিকেটের জন্য নাগোয়ার বেসবল স্টেডিয়ামকে তৈরি রাখা হবে। যদিও ইমার্জিং ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তেমন সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড অব ক্রিকেট অপারেশনস অ্যালান কার।
এশিয়ান গেমসে ক্রিকেটের থাকা নিয়ে নানা জায়গায় নানা খবর বেরোলেও কার সাফ জানিয়েছেন, লোকাল অরগানাইজিং কমিটির তরফে জেসিএকে বলা হয়েছে ক্রিকেট থাকবে না এশিয়ান গেমসে। ক্রিকেট থাকলে তো ভালোই হতো। কিন্তু এশিয়াম গেমস আয়োজকরা যে ৪১টি খেলাকে রেখেছেন, তার মধ্যে ক্রিকেট নেই।
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওই কর্তার কথায়, এশিয়ান গেমসে ক্রিকেটকে যুক্ত করার অধিকার জেসিএর নেই। গোটা সিদ্ধান্তটাই নিয়ে থাকে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং লোকাল অরগানাইজিং কমিটি। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সের চেয়ে ৯টি খেলা বেশি থাকবে নাগোয়া এশিয়ান গেমসে। তবে এখনও ইভেন্টের ওয়েবসাইটেও ক্রিকেটের নাম নেই।
চিনের হাংঝৌয়ে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল টি২০ ফরম্যাটে। যাতে পুরুষ ও মহিলাদের বিভাগে সোনা জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ২০২৮ সালে তো বটেই, ২০৩২ সালের অলিম্পিক্সেও ক্রিকেট থাকবে। কারণ, সেই অলিম্পিক্সের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে ক্রিকেট থাকা নিয়ে কোনও সংশয়ই থাকবে না।
কিন্তু এশিয়াডে ক্রিকেট বাদ পড়লে তা ক্রিকেটকে বিশ্বে জনপ্রিয় করার লক্ষ্যে বড় ধাক্কা হতে চলেছে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রধান রণধীর সিং ক্রিকবাজকে জানিয়েছেন, তিনি এশিয়ান গেমসে ক্রিকেট থাকবে বলে আশাবাদী। ক্রিকেট এখন অলিম্পিক স্পোর্ট। এ ব্যাপারে তিনি যথোপযুক্ত জায়গায় কথাও বলবেন।












Click it and Unblock the Notifications