Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পিসিবির আজব আবদার! ভারত সরকারের মনোভাবের লিখিত প্রমাণ দাবি
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারি-মার্চে এই টুর্নামেন্ট পাকিস্তানের তিনটি শহরে আয়োজন করতে চাইছে পিসিবি।
যদিও বিসিসিআই বারবারই জানাচ্ছে, ভারতের পাকিস্তান যাওয়ার বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেতের উপর। বিসিসিআই এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে করতে বলেছে আইসিসিকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ নিয়ে ল্যাজেগোবরে হওয়ার পর ফের মুখরক্ষার উপায় খুঁজতে ব্যস্ত। সেবারও অনেক হম্বিতম্বি করে, অনেক হুঙ্কার ছেড়েও ব্যাকফুটে যেতে হয়েছিল পিসিবিকে। এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলেই।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশেই আয়োজন করতে মরিয়া পিসিবি। আইসিসির কাছে যে খসড়া সূচি পাঠানো হয়েছে তাতে করাচিতে উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে। রাওয়ালপিন্ডিতে রয়েছে কয়েকটি ম্যাচ। ভারতের সব ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল লাহোরে রাখা হয়েছে।
কিন্তু বরাবরের মতো এবারই বিসিসিআই কর্তারা জানাচ্ছেন, ভারতের সবুজ সঙ্কেত না পেলে পাকিস্তানে দল যাবে না। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে দুবাই বা শ্রীলঙ্কায় হলে আপত্তি নেই জয় শাহদের। পরিস্থিতি অনুধাবন করে হাইব্রিড মডেলের জন্য অতিরিক্ত বাজেট তৈরি করছে আইসিসি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সমস্যায় পড়েছে বিসিসিআইয়ের কাছে সরকারিভাবে কিছু জানতে না পারায়। ভারতীয় সংবাদমাধ্যমের থেকেই যা জানতে পারছে। ভারত না খেললে শ্রীলঙ্কাকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কথা থেকে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আসার কথাও হাওয়ায় ভাসিয়েছে পিসিবি।
এবার পিসিবির আরেক আবদারের কথাও জানা গেল। সেটিও সরকারিভাবে নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য কমিটির ঘনিষ্ঠ পিসিবি সূত্রকে উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পিসিবি চাইছে ভারত সরকারের আপত্তির লিখিত প্রমাণ আইসিসিতে জমা দিক বিসিসিআই।
টুর্নামেন্ট শুরু হতে মাঝে আর মাস ছয়েক রয়েছে। পাকিস্তান সফর নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা জানানোর সময় এসে গিয়েছে বলেই মনে করছে পিসিবি। পাকিস্তানে দল পাঠানো নিয়ে ভারত সরকারের আপত্তি থেকে ট্রাভেল প্ল্যান লিখিত আকারে আইসিসির কাছে জমা দিক বিসিসিআই, এমনটাই দাবি পিসিবির।
আগামী ১৯ জুলাই থেকে আইসিসির বার্ষিক কনফারেন্স রয়েছে শ্রীলঙ্কার কলম্বোয়। সেখানে অবশ্য হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়টি অ্যাজেন্ডায় নেই। কিন্তু আইসিসির সেই বৈঠকের আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চাপানউতোর চলার সমূর সম্ভাবনা।
পাকিস্তানের জমা দেওয়া খসড়া সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর কথা ১৯ ফেব্রুয়ারি। ১ মার্চ ভারত-পাকিস্তান দ্বৈরথ। ফাইনাল হওয়ার কথা ৯ মার্চ, রিজার্ভ ডে ১০ মার্চ। মনে করা হচ্ছে, শেষ অবধি পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি। সেক্ষেত্রে বড় ম্যাচগুলি পাকিস্তানে হবে না।












Click it and Unblock the Notifications