Border Gavaskar Trophy 2024-25: রোহিত অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নাও খেলতে পারেন, গ্রিনকে নিয়ে সংশয়ে অজিরা
Border Gavaskar Trophy 2024-25: বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে আগামী মাসেই। এবার হবে পাঁচ টেস্টের সিরিজ। যদিও দুই শিবিরই দুই তারকাকে সব টেস্টে পাবে না।
রোহিত শর্মা প্রথম টেস্টে নাও খেলতে পারেন। অন্যদিকে, অস্ত্রোপচার করানোর জেরে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।

২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রোহিত ইতিমধ্যেই নির্বাচক প্রধান অজিত আগরকর ও বিসিসিআই কর্তাদের জানিয়েছেন, তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন না। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত বলে জানান রোহিত। সেই বিষয়টি পুরোপুরি না মিটলে তিনি পারথ টেস্ট থেকে সরে দাঁড়াবেন।
রোহিত বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব টেস্টেই তাঁর খেলার কথা। যদিও রোহিতের থেকে বিসিসিআই সরকারিভাবে এখনও পারথ টেস্ট না খেলার বিষয়ে কিছু জানতে পারেনি। সম্প্রতি, রোহিতের নেতৃত্বেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে। ভারত এবার অস্ট্রেলিয়ায় যাবে সিরিজ জয়ের হ্যাটট্রিক সারতে।
পারথ টেস্টের পর অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট শুরু ডিসেম্বরের ৬ তারিখ থেকে। এরপর ব্রিসবেনের গাব্বায় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নের এমসিজিতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ ইয়ার টেস্ট জানুয়ারির ৩ তারিখ থেকে।
রোহিত অস্ট্রেলিয়ায় ৭টি টেস্ট খেলেছেন। রান করেছেন ৪০৮। রয়েছে তিনটি অর্ধশতরান। অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল। আসন্ন ফাইনালেও এই দুই দলেরই দ্বৈরথের সম্ভাবনা। ফলে তার মহড়া সেরে নিতে চাইবে দুই দেশই। অস্ট্রেলিয়াও অবশ্য স্বস্তিতে নেই।
ইংল্যান্ডের সাদা বলের সিরিজে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিন পিঠে চোট পেয়েছেন। তা সারানোর জন্য অস্ত্রোপচার জরুরি। তৃতীয় একদিনের আন্তর্জাতিকের পরই দেশে ফিরেছিলেন গ্রিন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যে স্ক্যান হয়েছে তার রিপোর্ট বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম।
গ্রিনের কেরিয়ারে চারবার স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যা দেখা গিয়েছিল। যদিও ২০১৯ সালের পর থেকে তা আর হয়নি। যদি অস্ত্রোপচারই করাতে হয় তাহলে গোটা মরশুম থেকেই ছিটকে যেতে পারেন গ্রিন। তবে যদি অস্ত্রোপচার এখন না করানো হয় তাহলে গ্রিন খেলবেন ব্যাটার হিসেবেই। বল করবেন না। তবে এখনই তাঁর চলতি মরশুমের ভবিষ্যৎ নিয়ে কোনও নিশ্চয়তা মিলছে না।
গ্রিন যদি না খেলতে পারেন তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে চারে ব্যাট করতে হবে স্টিভ স্মিথকে। স্মিথকে চারে নামতে হলে অস্ট্রেলিয়ার ওপেনারের দৌড়ে থাকবেন মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট ও ম্যাট রেনশ। তাঁদের পারফরম্যান্স দেখা হবে শেফিল্ড শিল্ডে। এই তিনজনের মধ্যে হ্যারিসই শেফিল্ড শিল্ড অভিযান শুরু করেছেন শতরান দিয়ে, ভিক্টোরিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications