ভুবনেশ্বর কুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে জোড়া রেকর্ডের সামনে, প্রশংসা স্টেইনের
আজ বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে খেলতে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ভারতের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচ জেতার পর আজ জয় ছিনিয়ে নিয়ে সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে। ভারতকে এই সিরিজে ভোগাচ্ছে বোলিং। তবে একমাত্র ব্যতিক্রম ভুবনেশ্বর কুমার। দুটি ম্যাচে তিনি মোট পাঁচটি উইকেট পেয়েছেন। এবার নতুন রেকর্ড গড়ার পথেও ভুবি।

ভুবনেশ্বর ছন্দে
চোট সারিয়ে মাঠে ফেরার পর গত বছর থেকেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন ভুবনেশ্বর কুমার। সে পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই হোক, কিংবা ডেথ ওভার। আইপিএলে ১৯তম ওভারে বল করতে গিয়ে মেডেন ওভারও করে চমকে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লিতে প্রথম ম্যাচে ৪৩ রানের বিনিময়ে একটি উইকেট পেলেও কটকে চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে ভুবি তুলে নেন চারটি উইকেট। যদিও বাকি বোলারদের ব্যর্থতায় ভারত জয়ের মুখ দেখেনি। আজও ভুবনেশ্বরই বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে চলেছেন।

জোড়া রেকর্ডের সামনে
ভুবনেশ্বর কুমার টি ২০ আন্তর্জাতিকে এখনও অবধি ৬৩টি উইকেট পেয়েছেন। তার মধ্যে ১৩টি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ১৫টি করে উইকেট রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েইন ব্র্যাভো ও ইংল্যান্ডের ক্রিস জর্ডনের। আজ বিশাখাপত্তনমে সেই নজির স্পর্শ করা কিংবা নতুন নজির গড়া, ভুবি কোনটি করতে সক্ষম হন সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। ভুবনেশ্বর টি ২০ আন্তর্জাতিকে পাওয়ারপ্লে-তে ৩৩টি উইকেট পেয়েছেন। ভুবনেশ্বর কুমার এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি ছাড়া এতগুলি পাওয়ারপ্লে উইকেটও কারও নেই। আর একটি উইকেট পেলেই টি ২০ আন্তর্জাতিকে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এককভাবে হয়ে যাবেন ভুবি,বদ্রিকে পিছনে ফেলে।

প্রশংসা স্টেইনের
ভুবনেশ্বর কুমারকে খুব কাছ থেকে দেখেছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিডস্টার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ। স্টেইন মনে করেন, ভুবনেশ্বর যে এখনও দলের হয়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন তা প্রমাণ করতে মরিয়া রয়েছেন। ভুবনেশ্বরের স্যুইং, নাকল বল সামলাতে বেশ সমস্যায় পড়ছেন ব্যাটাররা। স্টেইন ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দৌড়ে গিয়ে নাকল বল করা কঠিন। এর জন্য প্রয়োজন হয় প্রচুর আত্মবিশ্বাস ও দক্ষতা। ভুবির মধ্যে দুটিই লক্ষ্য করা যাচ্ছে। যে কোনও ম্যাচেই তিনি এটি করতে পারেন। কয়েক মাস আগেও চেনা ছন্দে ছিলেন না। কিন্তু খামতি মিটিয়ে তা ফিরে পেয়েছেন। এখন বোলার হিসেবে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। কয়েক মাস আগে, এমনকী গত বিশ্বকাপে দেখেছি ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার বেগে বল করতে। কিন্তু আইপিএলে তা বাড়িয়ে ঘণ্টায় ১৩৩, ১৩৭ কিংবা ১৪০ কিলোমিটারেও নিয়ে গিয়েছেন। আইপিএলে সব ম্যাচ খেলবেন তার আগাম নিশ্চয়তা পেয়ে ভুবি ছন্দ, ফর্ম ফিরে পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন।

আইপিএল বাড়িয়েছে আত্মবিশ্বাস
এবারের আইপিএলে ভুবনেশ্বর ১৪ ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন। ইকনমি ছিল ৭.৩৪। স্টেইন জানান, ভুবনেশ্বর তাঁকে বলেছিলেন এবারের আইপিএলে বেগুনি টুপি পাওয়া তাঁর লক্ষ্য। এতেই বোঝা গিয়েছিল ভুবনেশ্বর কতটা বদ্ধপরিকর ও নিজেকে প্রমাণ করতে মুখিয়ে। শুধু ভারতে নয়, ক্রিকেটবিশ্বের সামনেই। আগামী টি ২০ বিশ্বকাপে ভুবনেশ্বর ভারতের বড় অস্ত্র হতে পারেন বলেও নিশ্চিত স্টেইন। হ্যামস্ট্রিং ও উরুর চোট ভোগাচ্ছিল ভুবিকে। তিনি নিজের শরীরের প্রতি এখন যত্নবান। নেটে খুব বেশি অনুশীলন করেন না। আইপিএলের সময়ও ম্যাচের আগে তিন-চার ওভার হাত ঘুরিয়ে নিতেন বলেই জানিয়েছেন স্টেইন। তাঁর মতে, আইপিএলে সব ম্যাচ খেলাই আত্মবিশ্বাস বাড়িয়েছে ভুবনেশ্বরের।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications