পিচ না দেখে ক্রিকেট খেলো! নাগপুর টেস্টের আগে অস্ট্রেলিয়াকে বার্তা ফুরফুরে রোহিতের
নাগপুরে বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। রোহিত শর্মা প্রথম একাদশ খোলসা করেননি। অজিদের সমীহ করলেও ভারত যে আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে তা বোঝালেন হিটম্যান।
নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়ার সামনে ২ নম্বরে থাকা ভারত। রোহিত শর্মা প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফিতে নেতৃত্ব দিতে চলেছেন। টেস্ট শুরুর আগে রোহিত রয়েছেন বেশ ফুরফুরে মেজাজেই। তবে অস্ট্রেলিয়ার মতো তিনিও এদিন প্রথম একাদশ খোলসা করেননি।

প্রস্তুত ভারত
আসন্ন সিরিজে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলার জন্য তাঁর দল পুরোপুরিভাবে প্রস্তুত সেটা স্পষ্ট করে দিয়েছেন হিটম্যান। রোহিতের কথায় ইঙ্গিত মিলেছে, সহ অধিনায়ক লোকেশ রাহুল প্রথম একাদশের বাইরে থাকবেন না। সেক্ষেত্রে শুভমান গিল না সূর্যকুমার যাদব, কে প্রথম একাদশে থাকবেন তা নিয়ে চলছে জোর চর্চা। রোহিতের কাছে এই প্রশ্ন রাখা হলে তাঁর বুঝতে অসুবিধা হয়নি প্রথম একাদশ সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। ফলে তিনি হেসে বলেন, কাল সকাল ৯টাতেই জানা যাবে।

গিল না সূর্য?
শুভমান গিল দারুণ ছন্দে, টেস্ট খেলার অভিজ্ঞতাও রয়েছে। সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক হয়নি। তবে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং নাথান লিয়ঁর ছন্দ নষ্ট করার ক্ষেত্রে কার্যকরী হতে পারে। তাই এই দুই ব্যাটারকে নিয়ে চর্চা চলছে। রোহিত বলেন, একাদশ চূড়ান্ত করার বিষয়টি সত্যিই কঠিন। অনেকেই ভালো ফর্মে রয়েছেন। দলের পক্ষে এটা ইতিবাচক দিক। দল বাছাই নিয়ে নানারকম কথাবার্তা হতে পারে। তবে আমরা যেটা করছি তা হলো, যেখানে খেলা সেখানে গিয়ে পিচ দেখে সেরা একাদশ বেছে নেওয়া হবে। সবরকম পরিস্থিতির জন্য সকলকে তৈরি থাকতে বলা হয়েছে। পিচ যেমন হোক, যাঁকে দরকার হোক, সেইমতোই তাঁদের নিয়ে দল গঠন করা হবে। সবরকম বিকল্পের পথ খোলা রাখছি। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্তরাই সুযোগ পাবেন।

প্রথম একাদশ চূড়ান্ত কালই
জামঠার উইকেটে গিল ও সূর্যর মধ্যে কে বেশি কার্যকরী হতে পারেন? এই প্রশ্নও সযত্নে এড়িয়ে যান রোহিত। তিনি বলেন, গিল গত ৩-৪ মাস ধরে দারুণ ফর্মে রয়েছেন। বেশ কয়েকটি শতরান পেয়েছেন। সূর্য টি ২০-তে দেখিয়েছেন তিনি কী করতে দক্ষ। টেস্ট ক্রিকেটেও তিনি কী করতে পারেন, তাঁর পারফরম্যান্সে সেটা বোঝা গিয়েছে। দুজনেই কোয়ালিটি প্লেয়ার। কিন্তু কে কাল খেলবেন সেটা আমরা ঠিক করিনি। সবদিক ভেবেচিন্তেই সিদ্ধান্ত হবে। তবে আজ কিছু জানাতে পারছি না। ঈশান কিষাণ না শ্রীকার ভরত, ভারত কোন উইকেটকিপারকে খেলাবে তাও খোলসা করেননি রোহিত। তাঁর কথায়, সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ঋষভ যেভাবে ব্যাট করে থাকেন সেটা গুরুত্বপূর্ণ। আমাদের মিডল অর্ডারে তেমন ব্যাট করার ব্যাটার রয়েছেন। অর্থোডক্স ক্রিকেট খেলতে হবে। আমাদের টপ অর্ডার শক্তিশালী। সব প্লেয়ারই রানের মধ্যে রয়েছেন।

পিচ নিয়ে চর্চা
অস্ট্রেলিয়ার মিডিয়ার একাংশ পিচ নিয়ে নানা অভিযোগ তুলছেন। ভারতের পক্ষে সহায়ক হয় এমনভাবে পিচ তৈরি হচ্ছে বলে অভিযোগ। এর প্রেক্ষিতে রোহিত বলেন, খেলায় ফোকাস রাখা উচিত। আগেও আমরা যখন খেলেছি তখনও পিচ নিয়ে কথা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে ২২ জন ক্রিকেটারই কোয়ালিটি ক্রিকেটার। বল ঘুরছে কিনা, বল সিম করছে কিনা, এ সব নিয়ে তাঁরা বিশেষ ভাবেন না। সাংবাদিক সম্মেলন থেকে বেরিয়ে প্রেস বক্স থেকে দেখেন অস্ট্রেলিয়ার কয়েকজন পিচের কাছাকাছি পিচের চরিত্র বোঝার চেষ্টা করছেন। রোহিত তখন বলেন, এত পিচ না দেখে ক্রিকেট খেলো!

স্পিন অপশন
ভারত কতজন স্পিনার নিয়ে নামবে সেটাও জানাতে চাননি ক্যাপ্টেন রোহিত। তিনি বলেন, চারজন স্পিনারই ভালো মানের। জাদেজা ও অশ্বিন একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। আবার অক্ষর ও কুলদীপ যখনই সুযোগ পেয়েছেন, প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অক্ষর ২৭ উইকেট নিয়েছিলেন। কুলদীপ বাংলাদেশে পাঁচ উইকেট নেন। এই চারজনের দলে থাকা ইতিবাচক। তাঁদের মধ্যে তিনজন অলরাউন্ডার। বাংলাদেশে কুলদীপও ভালো ব্য়াটিং করেছেন। একজন ক্রিকেটার বহুমুখী প্রতিভার অধিকারী হলে তা অনেক বিকল্পের পথ খুলে রাখে এবং দলের গভীরতাও বাড়ায়। অস্ট্রেলিয়াকে সমীহ করলেও রোহিতের কথায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।












Click it and Unblock the Notifications