জসপ্রীত বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই, অস্ট্রেলিয়া সিরিজে কি আদৌ খেলবেন?
জসপ্রীত বুমরাহ পিঠের চোটের কারণে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে। বেঙ্গালুরুর এনসিএতে বোলিং শুরু করেছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কার্যত নেই।
নাগপুরে চলছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। খেলার যা গতিপ্রকৃতি তাতে ভারতীয় স্পিনারদের দাপটে চার দিনেই টেস্ট জিতে নিতে পারে ভারত। এর পরের টেস্ট দিল্লিতে। পিঠের চোট পুরোপুরিভাবে না সারায় এই দুটি টেস্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। শেষ দুটি টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা।

বুমরাহকে নিয়ে জল্পনা
দীর্ঘ ৫ মাস পর চোট ও অস্ত্রোপচারের জেরে মাঠের বাইরে থেকেও নাগপুর টেস্টে ব্যাটে-বলে দারুণ কামব্যাক করেছেন রবীন্দ্র জাদেজা। দেশের ১ নম্বর পেসার থাকলে ভারতের বোলিং আক্রমণভাগ যে মজবুত হতো তা নিয়ে সংশয় নেই। প্রথমে মনে করা গিয়েছিল, বুমরাহ অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন। কিন্তু বোলিং অনুশীলন করতে গিয়ে অস্বস্তি বোধ করায় ফের এনসিএতে তাঁর রিহ্যাব শুরু হয়। এরই মধ্যে নেটে তাঁর বোলিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। আশায় বুক বাঁধছেন ভক্তরা।

ছিটকে যেতে পারেন টেস্ট সিরিজ থেকেই
শেষ দুটি টেস্টের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। যদিও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন বুমরাহ। শেষ দুটি টেস্টে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনাও নেই। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপ। এই পরিস্থিতিতে বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। চোট পুরোপুরিভাবে সারানোর জন্য বুমরাহকে আরও সময় দেওয়া হবে। যদিও বিসিসিআই সূত্রে দাবি করা হয়েছে, বুমরাহ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ফুল-ইনটেনসিটি প্র্যাকটিস সারছেন। অর্থাৎ পুরোদমেই অনুশীলন শুরু করেছেন।

ঝুঁকি নেবে না বিসিসিআই
গত সেপ্টেম্বর থেকে চোটের কারণে মাঠের বাইরে বুমরাহ। খেলতে পারেননি টি ২০ বিশ্বকাপেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে না পারলেও তিন ম্যাচের একদিনের সিরিজে বুমরাহ খেলবেন কিনা তা স্পষ্ট নয়। ১৭ মার্চ থেকে অজিদের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শুরু। বুমরাহ আইপিএলের সব ম্যাচেও খেলবেন কিনা সেটাও দেখার। কারণ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আইপিএলের পর ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলারও জোরালো সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে
গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। তারপর মাঠে ফিরলেও ফের চোট সমস্যায় পড়েন। তাড়াহুড়ো করে মাঠে নামাতেই বিপত্তি। যা তাঁকে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। বাংলাদেশ সফর, দেশের মাটিতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজেও খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও খেলতে পারছেন না। বুমরাহর অনুপস্থিতিতে পেসারদের মধ্যে নাগপুর টেস্টে খেলছেন মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। টেস্ট দলে রয়েছেন উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।












Click it and Unblock the Notifications