BGT 2023: ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সরতে পারে ধরমশালা থেকে, কারণটা জেনে নিন
ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে সংস্কার কাজ হয়েছে। মাঠটি এখনও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযুক্ত নয়। সে কারণে ধরমশালা থেকে সরতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে দিল্লিতে। তৃতীয় টেস্ট হওয়ার কথা ধরমশালায়। চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টটি আমেদাবাদে হবে বলেই স্থির করে রেখেছে বিসিসিআই। যদিও সেই সূচিতে রদবদলের সম্ভাবনা রয়েছে।

ধরমশালায় টেস্ট নিয়ে অনিশ্চয়তা
ধরমশালা থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টটি সরার সম্ভাবনার কথা জানানো হয়েছে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে। মার্চের ১ তারিখ থেকে এই টেস্টটি হওয়ার কথা। যদি নাগপুরের পর দিল্লিতেও ভারত টেস্ট জেতে, তাহলে ধরমশালায় জিতলেই রোহিত শর্মার ভারত সরাসরি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবে। অন্য কারও দিকে তাকাতে হবে না। ফাইনালে যেতে চারটি টেস্টের মধ্যে একটি ড্র দরকার অজিদের। ভারত যদি তিনটি টেস্ট না জিততে পারে তাহলে অন্য সিরিজের ফলাফলের নিরিখেও ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছে।

বিসিসিআইয়ের দল পরিদর্শনে যাচ্ছে
ফলে চলতি সিরিজে তৃতীয় টেস্টটির গুরুত্বও অপরিসীম। এরই মধ্যে ধরমশালায় আদৌ টেস্টটি আয়োজন করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে সংস্কারকাজ হয়েছে। ফলে এখনই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জায়গায় পৌঁছয়নি বলে মনে করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এই টেস্টের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর।

বিকল্প তৈরি রেখেছে বোর্ড
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিসিসিআইয়ের বিশেষজ্ঞ টিম ধরমশালায় গিয়ে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখবে। সেই টিমের রিপোর্টের উপরই নির্ভর করবে টেস্টটি ধরমশালাতেই হবে, নাকি অন্যত্র সরানো হবে। এখানে টেস্টটি আয়োজন করা না গেলে বিসিসিআই বিকল্প জায়গাও তৈরি রেখেছে বলে জানা গিয়েছে। কিন্তু সেই জায়গাটির নাম তখনই ঘোষণা করা হবে, যদি না ধরমশালায় টেস্ট একান্তই আয়োজন করা না যায়। দিল্লিতে দ্বিতীয় টেস্টের জন্য টিকিট বিক্রি শুরু হলেও এখনও শেষ দুটি টেস্টের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়নি।

আউটফিল্ড তৈরি নয়
গত ফেব্রুয়ারিতে ধমরশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছিল ভারত। এরপর মাঠ খনন করে নিকাশি পরিকাঠামো উন্নত করার কাজে হাত দেয় এইচপিসিএ। সূত্রের খবর, এখনও আউটফিল্ড পুরোপুরিভাবে খেলার উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি। অনেক জায়গায় ঘাসের আস্তরণই তৈরি হয়নি। আউটফিল্ড খেলার পক্ষে উপযুক্ত ও নিরাপদ কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডের টিম। আউটফিল্ডে বালির ভাগ বেশি থাকায় ঘাসের স্তর পুরু হওয়া জরুরি। মধ্য হিমালয়ের ধৌলাধর পর্বতমালার গায়ে এই স্টেডিয়ামের সৌন্দর্য অসাধারণ। এখানে ২০১৬-১৭ মরশুমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ হয়েছিল। সেই টেস্টটি ভারত চার দিনে জিতে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরেছিল।












Click it and Unblock the Notifications