Ranji Trophy: ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইতিহাস গড়ে ইনিংস ঘোষণা বাংলার
Ranji Trophy: ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইতিহাস গড়ে ইনিংস ঘোষণা বাংলার
রানের মহাসুমদ্র তৈরি করে তার মধ্যে সাঁতার কাটার জন্য ইনিংস ঘোষণা করে ঝাড়খণ্ডকে ব্যাটিং করতে পাঠালো বাংলা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তৃতীয় দিনের মাঝামাঝি অভিমূন্য ঈশ্বরণ যখন ইনিংস ঘোষণা করেন তখন স্কোর বোর্ডে বাংলার রান ৭৭৩/৭। ঝাড়খণ্ডের ক্রিকেটারদের প্রায় আড়াই দিন যাবদ মহড়া নিয়েছেন সুদীপ ঘড়ামি, অনুষ্টুপ মজুমদাররা।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঋদ্ধিমান সাহাকে রেখে দল গঠন হলেও ঋদ্ধি খেলবেন না জানিয়ে দিয়েছিলেন। তিনি যাতে খেলেন সেই জন্য স্বয়ং সিএবি সভপতি অভিষেক ডালমিয়া তাঁকে আহবান জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঋদ্ধি খেলেননি। তিনি না থাকলেও বাংলা দল নিজেদের লক্ষ্যে অবিচল ভাবে যে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তা দেখিয়ে দিল অরুণ লালের ছেলেরা।
রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম দিন শেষে বাংলার রান ছিল ৩১০/১। প্রথম দিনই শতরান করেছিলেন সুদীপ কুমার ঘড়ামি। বাংলার কোচ অরুণ লাল সেই দিনই জানিয়ে দিয়েছিলেন দল দ্বিতীয় দিনও পুরো ব্যাটিং করবে। দ্বিতীয় দিন শেষে বাংলার রান ছিল ৫৭৭/৫। তৃতীয় দিন দুই উইকেট হারিয়ে ১৯৬ রান যোগ করে বাংলা।
বাংলার হয়ে ন'জন ব্যাটসম্যানই পঞ্চাশের উপর রান করেছেন প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের বিরুদ্ধে যা বিশ্ব রেকর্ড। বাংলার হয়ে শতরান করা সুদীপ কুমার ঘড়ামি অল্পের জন্য দ্বি-শতরান হাতছাড়া করেন। তিনি প্যাভিলিয়নে ফেরেন ১৮৬ রানে। ২১টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শতরান আসে অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকেও। ১৫টি চারের সৌজন্যে তিনি করেন ১১৭ রান। মনোজ তিওয়ারি আউট হন ৭৩ রান করে। দুই ওপেনার অভিষেক রামন এবং অভিমূন্য ঈশ্বরণ যথাক্রমে করেন ৬১ রান এবং ৬৫ রান। ঋদ্ধি না খেলায় প্রথম উইকেটরক্ষক হিসেবে খেলা অভিষেক পোড়েল করেন ৬৮ রান। শাহবাজ আহমেদ করেন ৭৮ রান।
দুই বোলার সায়ন মণ্ডল এবং আকাশ দীপও ব্যাট হাতে ঝাড়খণ্ডের বোলারদের মহড়া নিয়েছেন। বিশেষ করে আকাশ দীপের ১৮ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ৮টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। সায়ন মণ্ডলও করেন অপরাজিত ৫৩ রান।
সুশান্ত মিশ্র তিনটি উইকেট নেন ঝাড়খণ্ডের হয়ে। শাহবাজ নাদিম পেয়েছেন দুইটি উইকেট। অনুকূল রায় এবং রাহুল শুক্ল একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications