Legends Premier League: সচিন-সৌরভরা কি নামছেন আইপিএল ধাঁচের লিগে? বিসিসিআইয়ের বিরাট পরিকল্পনা
Legends Premier League: আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। তার ধাঁচেই অন্যান্য ক্রীড়াক্ষেত্রে লিগ চালু হয়েছে।
বিসিসিআই চালু করেছে মহিলাদের প্রিমিয়ার লিগ। এবার নয়া টুর্নামেন্ট চালুর ভাবনাচিন্তা চালাচ্ছে বিসিসিআই। ভারতের কয়েকজন প্রাক্তন ক্রিকেটারই সেই প্রস্তাব রেখেছেন বোর্ড সচিব জয় শাহর কাছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে লেজেন্ডস প্রিমিয়ার লিগ চালুর ভাবনাচিন্তা চালাচ্ছে বিসিসিআই। প্রাক্তনীদের এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে বোর্ড। একটি হিন্দি দৈনিকের দাবি অনুযায়ী, আগামী বছরের প্রথমদিকেই এই ভাবনা চূড়ান্ত রূপ পেতে পারে।
প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে নানা টুর্নামেন্ট হয়ে থাকে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, লেজেন্ডস লিগ ক্রিকেট, লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপ, গ্লোবাল লেজেন্ডস লিগ ইত্যাদি। তবে বিসিসিআই বিশ্বের প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে প্রাক্তনীদের জন্য টুর্নামেন্ট চালু করতে পারে।
কেন না, অন্য যে লিগগুলি হয়ে থাকে তার উদ্যোক্তা থাকে বিভিন্ন বেসরকারি সংস্থা। বিসিসিআইয়ের প্রস্তাবিত লিগে ভারতের পাশাপাশি বিশ্বের তারকারাও খেলতে পারেন। সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, ক্রিস গেইল এবি ডি ভিলিয়ার্সরা খেলতে পারেন সেই লিগে। দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সচিনের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস প্রথম দুটি সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল। ইউসুফ পাঠান, ইরফান পাঠানরাও তাতে খেলেন। যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারতের লেজেন্ডস দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে চ্যাম্পিয়ন হয়। ওই টুর্নামেন্টটি হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সহযোগিতায়।
যুবরাজের দলে ছিলেন ভারতের হয়ে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অনেকেই। ছিলেন হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। বিসিসিআই প্রাক্তনীদের লিগ চালু করলে বাকি টুর্নামেন্টগুলির জৌলুস যে হারাবে তা নিয়ে সংশয় নেই। কেন না, বোর্ডের নিজস্ব এমন বড় মাপের টুর্নামেন্ট ছেড়ে অন্য কোনও লিগে শারীরিক কারণেও আর খেলতে চাইবেন না অনেকে।
জানা যাচ্ছে, এই টুর্নামেন্টটি হতে পারে আইপিএলের মতোই যেখানে দলগুলি হবে একেকটি শহরের নামে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতেই ম্যাচগুলি হবে। দল গড়া হবে ক্রিকেটারদের নিলামের মাধ্যমেই। সচিন, যুবরাজরা মার্কি প্লেয়ার হবেন। তবে যাঁরা একটি বা দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাঁরা এই সিরিজে খেলতে পারবেন না।












Click it and Unblock the Notifications