IND Wom vs AUS Wom: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ভরাডুবি, সাদা বলের জোড়া সিরিজ খুইয়ে কোন সাফাই হরমনপ্রীতের?
IND Wom vs AUS Wom: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও টি২০ সিরিজ জিততে পারল না হরমনপ্রীত কৌরের দল। পরপর দুটি ম্যাচে হারের ফলে অ্যালিসা হিলির দলের বিরুদ্ধে সাদা বলের দুটি সিরিজেই পরাস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল।
একমাত্র টেস্টে অজিদের হারিয়েছিল ভারত। এরপরই একদিনের আন্তর্জাতিক সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে। আজ তৃতীয় টি২০ আন্তর্জাতিক ৭ উইকেটে ২-১ ব্যবধানে সিরিজ জিতল অজিদের প্রমীলা বাহিনী।

নভি মুম্বইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস আকাদেমির মাঠে টস জিতে অস্ট্রেলিয়া রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে সর্বাধিক ৩৪ রান করেন রিচা ঘোষ। শেফালি ভার্মা ২৬, স্মৃতি মান্ধানা ২৯, দীপ্তি শর্মা ১৪ রান করেন। আমনজ্যোৎ কৌর করেন অপরাজিত ১৭।
হরমনপ্রীত কৌর এদিন ৬ বলে তিন রানের বেশি করতে পারেননি। অজিদের বিরুদ্ধে তিনি দুই অঙ্কের রানই পেলেন না। টেস্টে ০ রানে আউট হয়েছিলেন। ওডিআই সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ৯, ৫ ও ৩। দ্বিতীয় ও তৃতীয় টি২০ আন্তর্জাতিকে তাঁর রান যথাক্রমে ৬ ও ৩। আজকের ম্যাচে অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়েরহ্যাম ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি ৩৮ বলে ৫৫ রান করেছেন। তিনি সিরিজ-সেরার পুরস্কারের দখলও নিয়েছেন। বেথ মুনি ৪৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। তাহলিয়া ম্যাকগ্রা করেন ২০। ফোবি লিচফিল্ড ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। পূজা বস্ত্রকার ২টি ও দীপ্তি শর্মা নেন ১টি উইকেট।
পরপর দুটি টি২০-তে হার, শেষ ৬টি সাদা বলের ম্যাচে মাত্র দুটিতে জয়। এই ব্যর্থতার পরও হরমনপ্রীত বলেন, গত এক মাস আমরা ভালো ক্রিকেট খেলেছি। অজিরা সাদা বলে আমাদের চেয়ে ভালো খেলেছে। লাল বলের ক্রিকেটে অনেক সময় থাকা বিশ্লেষণ করে খেলা সম্ভব হয়। কিন্তু সাদা বলের ক্ষেত্রে অল্প সময়েই দ্রুত পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হয়।
হরমনপ্রীত বলেন, কিছু বিভাগে উন্নতি, গতি বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম টি২০-তে ফিল্ডিং খুব ভালো হয়েছে। যা পরের দুটি ম্যাচে হয়নি। ফিটনেসে জোর দিতে হবে, ফিল্ডিং আরও ভালো করতে হবে।
অল্প বয়সি ক্রিকেটারদের প্রশংসা এদিন শোনা গিয়েছে হরমনপ্রীতের গলায়। তিনি বলেন, সিনিয়রদের মতো এই ক্রিকেটাররাও নিজেদের ১০০ শতাংশ উজাড় করে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। সে কারণেই আমি দল নিয়ে গর্বিত। হরমনপ্রীত আরও বলেন, অস্ট্রেলিয়া অভিজ্ঞ দল। অভিজ্ঞ ক্রিকেটাররা বড় ভূমিকা পালন করেছেন। এটা থেকেও আমাদের শিখতে হবে।
এদিকে, এদিনই নিদা দারের ১৩০টি উইকেট দখলের নজিরকে পিছনে ফেলে মহিলাদের টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন মেগান শুট। শেফালি ভার্মা তাঁর ১৩১তম শিকার। এদিনের ম্যাচের সেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।












Click it and Unblock the Notifications