AUS vs IND: হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সৌরভ, বিরাটকে নিয়ে কী বললেন মহারাজ?
বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে ব্যর্থ হয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে এবং একটি ম্যাচ ড্র করেছে ভারত। ৩-১ সিরিজ জিতে নিয়েছে অজিরা। গত দুই বার জিতলেও এবার কেন এমন হতাশাজনক পারফরম্যান্স করল ভারত? সিডনি ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্লেষণ করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার ময়দানে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের পরাজয় প্রসঙ্গে সৌরভ বলেন, এবার ভারত ভালো ব্যাটিং করতে পারেননি। টেস্ট ম্যাচ জিততে হলে যে কোনও দলকেই ভালো ব্যাটিং করতে হবে। ভালো ব্যাটিং না করলে টেস্ট ম্যাচ জেতা যাবে না। ৩৫০-৪০০ রান করতে হবে ম্যাচ জিততে হলে।

বিরাটের অফ ফর্ম নিয়ে প্রবল চর্চা চলছে। তাঁর অবসর নিয়েও চলছে জল্পনা। সিরিজে ৯ ইনিংসের মধ্যে ৮ বারই অফ সাইডের বাইরের বলে আউট হয়েছেন কোহলি। তবে সৌরভ আশাবাদী কোহলি ঠিক এই খারাপ সময় কাটিয়ে উঠবেন। দাদার কথায়, আমি বুঝতে পারছি না বিরাটের অফ ফর্মের কারণ কী। তবে ও বড় ক্রিকেটার। তবে আমি নিশ্চিত যে ও এই সমস্যা কাটিয়ে উঠবে।
সিডনি টেস্টে রোহিতের না খেলা নিয়ে সৌরভের সংক্ষিপ্ত মন্তব্য, এটা রোহিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। ও কী করবে সেটা রোহিতই বলতে পারবে। একইসঙ্গে কোচ গম্ভীরকে মনে করিয়ে দিয়েছেন পারফরম্যান্স করতে হবে। কারণ কোচ গম্ভীরের অধীনে এখনও পর্যন্ত ভালো খেলতেই পারেননি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতলেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে।
সব মিলিয়ে নতুন বছরের শুরুটা একেবারেই ভালো না ভারতীয় ক্রিকেট দলের জন্য। এরপর ভারতীয় দলের সামনে অনেকটা দিন টেস্ট ম্যাচ নেই।












Click it and Unblock the Notifications