Asia Cup 2023: বিরাট-শ্রেয়স-কিষাণের ক্যাচ ফেলার প্রতিযোগিতা! নেপালের আসিফ ভারতের বিরুদ্ধে গড়লেন নজির
Asia Cup 2023: এশিয়া কাপে ভারত গ্রুপ এ-র দুই নম্বর দল হওয়ার পথে। ফলে ১০ সেপ্টেম্বর সুপার ফোরে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ব্যাটিং করেছিল।
আজও বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ভারত-নেপাল ম্যাচ। পাকিস্তান ম্যাচে বৃষ্টিতে ভারত বোলিং করতে পারেনি। ফলে আজ বোলারদের দেখে নিতে টস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

কিন্তু ভারতীয় ফিল্ডাররা যেভাবে একের পর এক ক্যাচ ফেললেন তাতে বড় দলের বিরুদ্ধে তেমন কিছু হলে বেশ বেগ পেতে হবে। জসপ্রীত বুমরাহ দেশে ফিরেছেন। আজকের ম্যাচে সুযোগ দেওয়া হয় মহম্মদ শামিকে। প্রথম ওভারেই শামির বলে ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়ার। কুশল ভুরতেলের ব্যাট ছুঁয়ে বল গিয়েছিল ফার্স্ট স্লিপে। শ্রেয়স মিস করেন।
এই ক্যাচটি ধরতে পারলে নেপালের স্কোর দাঁড়াত ১ ওভারে ১ উইকেটে ২ রান। কিন্তু শ্রেয়স ক্যাচ মিস করায় এই বলে দুই রান পায় নেপাল। দ্বিতীয় ওভার করতে আসেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই শর্ট কভারে বিরাট কোহলি মিস করেন আসিফ শেখের ক্যাচ। এরপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ভুরতেলের ক্যাচ ফেলেন ঈশান কিষাণ।
তখন নেপালের স্কোর ছিল ১৮ রান। এই ক্যাচটি কিষাণ মিস করায় বলটি বাউন্ডারি পেরিয়ে যায়। ভারতীয় ক্রিকেটারদের এই ক্যাচ ফেলার প্রতিযোগিতার ফায়দা তোলে নেপাল। প্রথম উইকেটটি ফেলতে ভারতকে অপেক্ষা করতে হয় ৯.৫ ওভার পর্যন্ত। ভুরতেল ও আসিফের ওপেনিং জুটি ভাঙেন শার্দুল ঠাকুর।

দলগত ৬৫ রানের মাথায় ভুরতেল আউট হন ২৫ বলে ৩৮ রান করে, তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে। এরপর আসিফ শেখ নেপালের প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিরুদ্ধে ওডিআই অর্ধশতরানটি হাঁকালেন। তিনি ৮টি চারের সাহায্যে ৯৭ বলে ৫৮ রান করে মহম্মদ সিরাজের শিকার হন। ২৯.৫ ওভারে দলের ১৩২ রানের মাথায় সাজঘরে ফেরেন আসিফ।
ভীম শক্তি ১৭ বলে ৭, অধিনায়ক রোহিত পাউডেল ৮ বলে ৫ ও কুশল মাল্লা ৫ বলে ২ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। ৩৫ বলে ২৩ রান করা গুলশন ঝা কট বিহাইন্ড হন মহম্মদ সিরাজের বলে। ৩১.৫ ওভারে ১৪৪ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ৩৭.৫ ওভারে নেপালের স্কোর যখন ৬ উইকেটে ১৭৮, তখন বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications